জামিনে মুক্তি পেতে পারেন মোবারক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের ক্ষমতাচ্যুত ও যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া প্রেসিডেন্ট হোসনি মোবারক মুক্তি পেতে পারেন বলে আভাস পাওয়া গেছে। গতকাল রোববার তাঁর যাবজ্জীবন সাজার রায় বাতিল করে মামলার বিচারিক কার্যক্রম আবার শুরু করার আদেশ দিয়েছেন সে দেশের একটি আদালত। এর আগে হোসনি মোবারকের পক্ষের আইনজীবীরা যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বাতিল করে বিচার আবার শুরু করার আবেদন জানান। গতকাল বিচারক আহমেদ আলী আবদেল রেহমান এক আদেশে বলেন, ‘আদালত আসামিপক্ষের আবেদন আমলে নেওয়ার এবং মামলার বিচারিক কার্যক্রম আবার সম্পন্ন করার আদেশ দিচ্ছে।’ মোহামেদ আবদেল রাজ্জাক নামের হোসনি মোবারকের একজন আইনজীবী রয়টার্সকে বলেছেন, আগের বিচারিক কার্যক্রমে যেসব আলামত ও প্রমাণ উপস্থাপন করা হয়েছে, সেই একই আলামত ও প্রমাণাদির ওপর ভিত্তি করে পুনর্বিচার করা হবে। সে ক্ষেত্রে কোনো নতুন প্রমাণ ও আলামত এ মামলায় যোগ করা হবে না। তিনি জানান, একটি নতুন বিচার বিভাগীয় প্যানেল পুনর্বিচার কার্যক্রম পরিচালনা করবেন। তাঁরা রায় নির্ধারণের সময় হোসনি মোবারকের স্বাস্থ্যগত দিক বিবেচনায় রাখবেন বলেও ওই আইনজীবী জানান।বিচার বিভাগের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে আগামী ১৫ কার্যদিবস ধরে নতুন তদন্ত চলবে। এ সময় পর্যন্ত মোবারক আটক থাকবেন।ধারণা করা হচ্ছে, নতুন তদন্ত শেষ হওয়ামাত্রই মোবারক জামিনে মুক্তি পাবেন। কৌঁসুলিরা জানিয়েছেন, মোবারকের পাশাপাশি তাঁর দুই ছেলে ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও রায় পুনর্বিবেচনার সুযোগ পাচ্ছেন। তবে তাঁদের বিরুদ্ধে দুর্নীতির মামলা থাকায় তাঁরা কারামুক্তি পাননি। এদিকে গতকাল আদালতের ঘোষণায় মোবারকের সমর্থকেরা আদালতকক্ষে উল্লাসে ফেটে পড়েন। তাঁরা একে অপরকে জড়িয়ে ধরে ‘ন্যায়বিচার দীর্ঘজীবী হোক’, ‘আমরা তোমাকে ভালোবাসি প্রেসিডেন্ট’ বলে স্লোগান দেন। অন্যদিকে হতাশা প্রকাশ করেন ‘বিপ্লবে’ হতাহতদের স্বজনেরা। তাঁরা বলেন, সেদিনের সেই হত্যাকাণ্ডের ঘটনায় মোবারক দোষী সাব্যস্ত হওয়ার পরও আদালতের এ সিদ্ধান্ত হতাশাব্যঞ্জক।২০১১ সালের ফেব্রুয়ারিতে মোবারকবিরোধী ব্যাপক আন্দোলনে আট শতাধিক লোক নিহত হয়। ওই বছরই তিনি ক্ষমতাচ্যুত হন। তাঁর বিরুদ্ধে ওই আট শতাধিক লোককে হত্যা করার নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়। টানা ১০ মাসের বিচার শেষে গত বছরের জুনে ওই হত্যাকাণ্ডের জন্য মোবারক ও অন্যদের অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। গ্রেপ্তারের পর থেকেই সাবেক এই স্বৈরশাসক অসুস্থ। গত মাসে কারাগারের গোসলখানায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান মোবারক। সেই থেকে তিনি কায়রোর একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। এএফপি ও বিবিসি।