জামিনের ‘শর্ত ভঙ্গ’ আবু কাতাদাকে গ্রেপ্তার
জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগে কট্টরপন্থী ধর্মপ্রচারক হিসেবে পরিচিত আবু কাতাদাকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্য। তাঁকে বিতাড়িত করার বিষয়ে সরকারের নতুন একটি পদক্ষেপ গ্রহণের কয়েক দিন আগে এ ঘটনা ঘটল।কর্মকর্তারা গতকাল শনিবার জানান, জর্ডানের নাগরিকত্বপ্রাপ্ত ফিলিস্তিনি মুসলিম কাতাদাকে ইউকে বর্ডার এজেন্সি গত শুক্রবার গ্রেপ্তার করে। এর আগের দিন পুলিশ লন্ডনে সন্ত্রাসবিরোধী অভিযান চালায়। পুলিশ দুটি বাড়িতে তল্লাশি চালিয়েছে। এ ছাড়া নতুন একটি ভবনে তল্লাশি চলছিল। এর আগে আবু কাতাদাকে যুক্তরাজ্যে অবস্থানের অনুমতি দিয়ে রায় দিয়েছিলেন একজন বিচারক। তবে ওই রায়ের বিরুদ্ধে কোর্ট অব আপিলে কাল সোমবার আবেদন করবে দেশটির সরকার।যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেন, ইউকে বর্ডার এজেন্সি ৫২ বছর বয়সী কাতাদাকে উত্তর লন্ডন থেকে গ্রেপ্তার করে। যুক্তরাজ্যের স্পেশাল ইমিগ্রেশন আপিল কমিশন (সিয়াক) তাঁর জামিনের ব্যাপারে যেসব শর্ত আরোপ করেছিল, তা লঙ্ঘনের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আবু কাতাদাকে জামিনের জন্য বেশ কিছু কড়া শর্ত দেওয়া হয়েছিল। যেমন: তিনি বাড়ি থেকে কেবল সকাল আটটা থেকে বেলা চারটার মধ্যে বের হতে পারবেন, তাঁকে একটি ইলেকট্রিক ট্যাগ পরে বের হতে হবে; এমনকি কাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে পারবেন তার ওপরও কড়াকড়ি ছিল।আবু কাতাদাকে তাঁর অনুপস্থিতিতেই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার ঘটনায় দোষী সাব্যস্ত করেছেন জর্ডানের একটি আদালত। ২০০০ সালের আগে পশ্চিমা ও ইসরায়েলি স্থাপনায় বোমা হামলার ষড়যন্ত্রের অভিযোগে তাঁকে জর্ডানে পুনর্বিচারের মুখোমুখি হতে হচ্ছে। রয়টার্স ও বিবিসি।