জাম্বোয়াঙ্গায় বিদ্রোহী-সেনা সংঘর্ষ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ ফিলিপাইনের সহিংসতা-কবিলত জাম্বোয়াঙ্গা শহরে মুসলমান বিদ্রোহীদের কাছ থেকে গতকাল মঙ্গলবার বেশ কয়েকজন জিম্মি পালিয়ে গেছে। তবে বিদ্রোহীরা শহরের মেয়রকে অপহরণ করেছে। শহরটির রাস্তায় এখনো সামরিক বাহিনীর সঙ্গে মোরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের (এমএনএলএফ) বিদ্রোহীদের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে।
এক সপ্তাহের বেশি সময় আগে জাম্বোয়াঙ্গা শহরে কয়েক শ সশস্ত্র এমএনএলএফ সদস্য তাঁদের দাবি করা স্বাধীন রাষ্ট্রের পতাকা ওড়ানোর চেষ্টা করেন। এর পরিপ্রেক্ষিতে ফিলিপাইনের সেনাবাহিনী সেখানে অভিযান চালায়। এর পর থেকেই শহরের রাস্তায় এমএনএলএফ সদস্যদের সঙ্গে সেনাদের বন্দুকযুদ্ধ চলছে। অভিযান শুরুর পর থেকে গতকাল পর্যন্ত ওই শহর ও তার কাছের অঞ্চলে অন্তত ৮০ জন নিহত হয়েছে। আর এলাকা ছেড়ে চলে গেছে প্রায় ৭০ হাজার মানুষ।
এমএনএলএফ বিদ্রোহীরা এখন জাম্বোয়াঙ্গা শহরের মুসলমান অধ্যুষিত অঞ্চলে আশ্রয় নিয়েছে। এএফপি।