পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ইউরোপ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন সে দেশের প্রধান বিরোধীদলীয় নেতা নওয়াজ শরিফ। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সম্প্রতি পাকিস্তান সম্পর্কে যে আপত্তিকর মন্তব্য করেছেন সে ব্যাপারেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি। দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা এখন সাধারণ পাকিস্তানিদের মুখে মুখে। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ লাখ লোককে কীভাবে সাহায্য করা যায় সে ব্যাপারে জরুরি বৈঠক করতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত চরসাদা এলাকায় গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের প্রধান বিরোধী দল মুসলিম লীগের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দেশের এই দুঃসময়ে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ইউরোপ সফরের কড়া সমালোচনা করেন। তিনি বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে তাঁকে সফর সংক্ষিপ্ত করে অবিলম্বে দেশে ফিরে আসার আহ্বান জানান। নওয়াজ শরিফ বলেন, প্রেসিডেন্ট যা করছেন তা দেশের সবাইকে হতাশ করেছে। তবে তার চেয়েও বেশি হতাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গত সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তান সন্ত্রাসী রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে।’ এ মন্তব্যের পর দুই দেশের মধ্যে বর্তমানে কূটনৈতিক উত্তেজনা চলছে। জারদারি অবশ্য বলেছেন, তিনি বিষয়টি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠকে বসবেন এবং এর জোরালো প্রতিবাদ জানাবেন।চরসাদায় নওয়াজ শরিফ আরও বলেন, সরকার বন্যা পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সরকারের উচিত ছিল বন্যা মোকাবিলায় দেশের সব সম্পদ কাজে লাগানো।দেশের সাধারণ জনগণও এই সংকটময় সময়ে জারদারির ইউরোপ সফরের সমালোচনায় মুখর। তারা একে প্রমোদ ভ্রমণ হিসেবে বর্ণনা করছেন। জারদারির এই কর্মকাণ্ডের প্রতিবাদে পাকিস্তানি বংশোদ্ভূত কিছু ব্রিটিশ সাংসদ তাঁর সম্মানে আয়োজিত আজকের মধ্যাহ্নভোজে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।পাকিস্তানের সরকারি কর্মকর্তারা অবশ্য জারদারির সফরের পক্ষে বেশ সাফাই গাইছেন। তাঁরা জানিয়েছেন, দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে জারদারি ব্রিটেনের সবচেয়ে কম খরচের পাঁচতারকা হোটেলে অবস্থান করছেন। এদিকে বন্যায় পাকিস্তানের শত শত গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংস হয়ে গেছে অনেক বাড়িঘর। বন্যায় ভেসে গেছে খেতের ফসল। ফুলে-ফেঁপে ওঠা নদীর পানিতে দেশের দক্ষিণাঞ্চলের অনেক এলাকা ভেসে যেতে পারে বলে ত্রাণকর্মীরা সতর্ক করে দিয়েছেন। এসব কারণে আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।চলতি বর্ষা ঋতুতে স্মরণকালের ভয়াবহতম বন্যাকবলিত হয়েছে পাকিস্তান। বন্যায় এ পর্যন্ত কমপক্ষে এক হাজার ৫০০ মানুষ মারা গেছেন। বন্যাকবলিত প্রায় ৩২ লাখ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতিসংঘ।পাঞ্জাব প্রদেশে বন্যায় প্লাবিত হয়েছে অগণিত গ্রাম। পানি এখন কোট আদ্দুসহ অন্যান্য শহরেও প্রবেশ করতে শুরু করেছে। আটকে পড়া গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য নৌকা ও হেলিকপ্টার ব্যবহার করছে সেনাবাহিনী।কোট আদ্দুর বড় একটি অংশ ও পার্শ্ববর্তী লাইইয়াহ এলাকায় পানির উচ্চতা এতটাই বেড়ে গেছে যে শুধু গাছের মাথা ও কিছু ভবনের ওপরের দিকের তলাগুলো দেখা যাচ্ছে।সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল নাদির জেব গতকাল বুধবার বলেন, গত ৭২ ঘণ্টায় কোট আদ্দু ও আশপাশের বন্যাকবলিত এলাকা থেকে কমপক্ষে ৩০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।এই মুখপাত্র বলেন, ‘জনসাধারণকে অবশ্যই আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে। যেসব এলাকা বন্যাকবলিত হতে যাচ্ছে, সেখানকার লোকজনকে অবশ্যই এলাকা ত্যাগ করতে হবে।’জাতীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের প্রধান মুহাম্মদ হানিফ বলেন, পাকিস্তানে বর্ষা ঋতু সাধারণত তিন মাস স্থায়ী হয়। এ ঋতুতে সাধারণত দেশটিতে গড়ে ১৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়। কিন্তু চলতি বছর ইতিমধ্যেই ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এফপি, এপি।