আস্থা ভোটে বিজয়ী হওয়ায় পাকিস্তানের বর্তমান সরকার আপাতত কোনোক্রমে টিকে থাকার ফুরসত পেয়েছে। তবে দেশে আগাম নির্বাচনের সম্ভাবনা বেশি। কেননা, ‘অজনপ্রিয়’ প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে সরিয়ে দিতে এখনো সচেষ্ট রয়েছে দেশের বিচার বিভাগ ও সামরিক বাহিনী। এমনটিই বলছেন বিশ্লেষকেরা। বিশ্লেষকদের মতে, পরমাণু অস্ত্রের অধিকারী পাকিস্তান সংকটের একেবারে চূড়ান্ত সীমায় উপনীত হওয়া সত্ত্বেও সেখানে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সরকারের সঙ্গে বিচারালয় এবং সেনাবাহিনীর মধ্যে বোঝাপড়া হয়নি। এ পর্যন্ত পাকিস্তানের কোনো নির্বাচিত সরকারই তার মেয়াদ শেষ করে যেতে পারেনি। আর প্রেসিডেন্ট জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার শুরু থেকেই ঘুরছে সংকটের আবর্তে। বিশ্লেষকদের মতে, বুদ্ধি ও চতুরতার সুযোগে সরকার আপাতত টিকে গেলেও ২০১২ সালে আগাম নির্বাচন দেওয়া হলেই কেবল তা দেশের হতাশ সেনাবাহিনীকে সন্তুষ্ট করতে কিছুটা সক্ষম হবেন প্রেসিডেন্ট জারদারি।রাজনৈতিক বিশ্লেষক ও লেখক ইমতিয়াজ গুলের মতে, ২০১২ সাল নির্বাচনের বছর। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি সময় ধরে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা ইউসুফ রাজা গিলানি আদালত অবমাননার অভিযোগ থেকে রেহাই পাবেন কি না, তা কোনো বিবেচ্য বিষয় নয়। দেশের ভোটাররা এখন জ্বালানিসংকট, মুদ্রাস্ফীতি ও বেকারত্বের অভিশাপে পুড়ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের অজনপ্রিয় মিত্রতা নিয়েও তারা বিরক্ত। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট গড়ার কারণেই দেশের ভেতরে আল-কায়েদা সংশ্লিষ্ট সব সহিংস ঘটনা ঘটছে। বিশ্লেষক গুলের মতে, এখন সব রাজনৈতিক দলই আগাম নির্বাচন চায়। দেশের চলমান অর্থনৈতিক সংকট ও সামাজিক অস্থিরতার এ প্রেক্ষাপটে সরকার আগাম নির্বাচনকেই মুক্তির একমাত্র উপায় হিসেবে বেছে নেবে।দেশের সুপ্রিম কোর্টের বিচারকেরা চাচ্ছেন, প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে সুইজারল্যান্ডে দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত হোক। যেটা হলে চূড়ান্তভাবে প্রধানমন্ত্রী গিলানি আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হয়ে জেলে যাবেন। পরিণামে জারদারি ও গিলানি উভয়ই তাঁদের পদ হারাবেন।এর বাইরে আলোচিত গোপন চিঠি কেলেঙ্কারির ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হওয়ায় চাপে মুখে রয়েছেন প্রেসিডেন্ট জারদারি। মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে গত মে মাসে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর দেশের সেনাবাহিনীর নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সরিয়ে দিতে সহায়তা চেয়ে যুক্তরাষ্ট্রকে ওই চিঠি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। ১৯৪৭ সালে স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় অর্ধেকটা সময় জুড়েই পাকিস্তান রাষ্ট্রটি সামরিক শাসনের আওতায় ছিল। তবে ক্ষমতা দখলের পরিবর্তে এখন পেছনে থেকে কলকাঠি নাড়ানোর দিকেই দেশের সেনাবাহিনীর ঝোঁক বেশি বলে মনে করছেন বিশ্লেষকেরা। সেনাবাহিনী চাচ্ছে চাপপ্রয়োগের মাধ্যমে জারদারিকে বিদায় দিয়ে আগাম নির্বাচন অনুষ্ঠান। সাম্প্রতিক সময়ে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠা রাজনৈতিক সাবেক ক্রিকেটার ইমরান খানকে ক্ষমতায় আনতে সেনাবাহিনীর প্রচেষ্টা থাকবে বলেও গুজব রয়েছে। যেটা দেখার বাকি রয়েছে, সেটা হচ্ছে চলতি সংকটময় পরিস্থিতি উতরে সরকার কত দিন ক্ষমতায় টিকে থাকতে পারে এবং চূড়ান্তভাবে কখন নতুন নির্বাচনের ঘোষণা দিতে বাধ্য হয়। তবে সেটা ২০১৩ সালের শুরুর আগে নয়। বিশ্লেষক এ এইচ নায়ারের মতে, সরকার আগামী মার্চে সিনেট নির্বাচনের আগপর্যন্ত টিকে থাকার প্রচেষ্টা চালাচ্ছে। ওই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে, সরকারের প্রচেষ্টা থাকবে, সেটাকে পুঁজি করে যত দিন ক্ষমতা আঁকড়ে থাকা যায়। এএফপি।