জারদারিকে হত্যার ষড়যন্ত্র উন্মোচন করেছেন গোয়েন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে হত্যার একটি ষড়যন্ত্র উন্মোচন করেছেন। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিয়ো নিউজের একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে সংস্থাগুলোর গোয়েন্দারা ইসলামাবাদ ও পাঞ্জাবে অভিযান চালিয়েছে। এ সময় প্রায় ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এক্সপ্রেস নিউজ চ্যানেল জানিয়েছে, ষড়যন্ত্রের ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তির সংখ্যা আট।প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে জারদারির পরিদর্শনের সময় তাঁকে হত্যার ষড়যন্ত্র করেছিল চক্রান্তকারীরা। এই ইনস্টিটিউটেই জারদারির বাবা হাকিম আলী জারদারি সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া সিন্ধু প্রদেশে জারদারির সফরের সময়ও তাঁকে হত্যার চক্রান্ত করা হয়েছিল বলে খবর রয়েছে।তবে জারদারিকে হত্যার ষড়যন্ত্রের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, তালেবান ও অন্যান্য জঙ্গি সংগঠনের কাছ থেকে জারদারি প্রাণনাশের মারাত্মক হুমকি পেয়েছেন। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে জারদারিকে প্রকাশ্য স্থানে খুব একটা দেখা যায় না। পিটিআই।