মার্কিন রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন ব্যক্তিদের সম্পর্কে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির অবস্থা এখন নাজুক, প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি যুক্তরাষ্ট্রপন্থী এবং চলমান সন্ত্রাসবিরোধী অভিযানে সেনাপ্রধান আশফাক পারভেজ কায়ানি সফল হয়েছেন। খবর পিটিআইয়ের। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে ম্যাককেইন গতকাল মঙ্গলবার বলেন, পাকিস্তান ভালোই করছে। তবে পার্লামেন্টে আইন প্রণয়নের মাধ্যমে ক্ষমতা খর্ব হয়ে যাওয়ায় প্রেসিডেন্ট জারদারির অবস্থা নড়বড়ে হয়ে গেছে। আর প্রধানমন্ত্রী গিলানি যুক্তরাষ্ট্রপন্থী নীতিতে অটল রয়েছেন। ২০০৮ সালের অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামার কাছে পরাজিত হন সিনেটর ম্যাককেইন। সম্প্রতি পাকিস্তান সফর করেছেন তিনি। এ সময় তিনি সে দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাত্ করেন। ম্যাককেইন বলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে মার্কিন সেনা কর্মকর্তা অ্যাডমিরাল মাইক ম্যুলেন এবং জেনারেল ডেভিড পেটরসের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান কায়ানির সুসম্পর্ক রয়েছে। সন্ত্রাসবিরোধী অভিযানে পাকিস্তানের সেনাবাহিনী অনেক ভালো করছে। সন্ত্রাস দমনের লক্ষ্যে তারা তাত্পর্যপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে দক্ষিণ ওয়াজিরিস্তানে পাকিস্তানের সেনাবাহিনী খুব ভালো করছে।