জারদারির আদালত অবমাননার মামলার শুনানি স্থগিত
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে দাখিল হওয়া এক পিটিশনের ওপর শুনানি গতকাল বুধবার স্থগিত করে দিয়েছেন লাহোর হাইকোর্ট। পাশাপাশি প্রেসিডেন্টের মুখ্যসচিব বরাবর একটি নোটিশও আদালত জারি করেছেন। এর আগে আদালতের দেওয়া এক আদেশ মেনে প্রেসিডেন্ট জারদারি ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) যুগ্ম চেয়ারম্যানের পদ থেকে সড়ে না দাঁড়ানোয় তাঁর বিরুদ্ধে মোহাম্মদ আজহার সিদ্দিক নামের একজন আইনজীবী পিটিশন দাখিল করেন। আজহার সিদ্দিক পিটিশনে বলেন, দ্বৈতপদ ধারণ করা নিয়ে গত ১২ মে লাহোর হাইকোর্টের দেওয়া আদেশ অনুযায়ী জারদারি রাষ্ট্রের সর্বোচ্চ পদ তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করতে পারেন না। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে বিচ্ছিন্ন না করে প্রেসিডেন্ট আদালত অবমাননা করেছেন।প্রধান বিচারপতি উমর আতা বানদিয়ালের নেতৃত্বে লাহোর হাইকোর্টের একটি বৃহৎ বেঞ্চ গতকাল পিটিশনের ওপর ১৪ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি মুলতবির আদেশ দেন। ডন।