জারদারির জন্য যুক্তরাষ্ট্র থেকে বিশেষ নিরাপত্তা রক্ষী আনার চিন্তা
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র থেকে বিশেষ রক্ষী আনার প্রস্তাব বিবেচনা করছে পকিস্তান সরকার। দেহরক্ষীর গুলিতে পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসির নিহত হওয়ার ঘটনায় জারদারিসহ সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন। গতকাল বুধবার দ্য এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে সরকারের এই বিবেচনার কথা উল্লেখ করা হয়। ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, জারদারির নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষ সব সময় উদ্বিগ্ন। এ জন্য তাঁরা প্রেসিডেন্টের নিরাপত্তায় বিদেশ থেকে দেহরক্ষী আনার একটি প্রস্তাব বিবেচনা করছেন। প্রধানমন্ত্রী ও প্রাদেশিক গভর্নরের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার জন্যও এ ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে। তবে প্রেসিডেন্টের গোপন নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র থেকে নিরাপত্তারক্ষী আনার বিষয়টির ওপর তাঁরা বেশি গুরুত্ব দিচ্ছেন। পিটিআই।