জারদারির দায়মুক্তিসংক্রান্ত দলিলপত্র গায়েব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপ্রধান হিসেবে বিচারের সম্মুখীন হওয়া থেকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দায়মুক্তিসংক্রান্ত গবেষণা দলিলপত্র চুরি হয়ে গেছে। প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে চলা আদালত অবমাননা মামলার রায়ের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ এই দলিল একজন জ্যেষ্ঠ বিচার বিভাগীয় সহকারীর বাসা থেকে খোয়া যায়। তবে, এটি ছাড়া তাঁর বাসায় রক্ষিত অন্য সব নথিপত্র যথাযথ অবস্থায় রয়েছে। গতকাল শুক্রবার গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সুইজারল্যান্ডে পাকিস্তান সরকারের পক্ষে দায়িত্ব পালনরত কৌঁসুলি ফ্রানঅ্যাওয়েজ মিচেলি বলেন, ইসলামাবাদ সরকার প্রেসিডেন্ট জারদারির দায়মুক্তি খারিজ করলেই কেবল সুইস কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে জব্দ করা সম্পদের ওপর তদন্ত শুরু করতে পারবে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, জ্যেষ্ঠ বিচারিক সহকারী ইউসুফ জান মারওয়াত সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি প্রেসিডেন্ট জারদারির দায়মুক্তিসংক্রান্ত বিষয়েও কাজ করছিলেন। কিন্তু এর মধ্যে তাঁর বাড়িতে চুরির ঘটনা ঘটে। এর পর থেকে জারদারির দায়মুক্তিসংক্রান্ত দলিলপত্র পাওয়া যাচ্ছে না। প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরীর পক্ষে তিনি এ দলিলের ওপর গবেষণার কাজ করছিলেন। চোরেরা যখন প্রবেশ করে, তখন বাসায় পরিবারের কোনো সদস্য ছিলেন না বলেও সূত্র জানায়।প্রধানমন্ত্রী গিলানি আদালত অবমাননা মামলার শুনানিতে অংশ নিতে গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টে হাজির হন। এ সময় তিনি আত্মপক্ষ সমর্থন করে বলেন, সংবিধান দায়মুক্তি দেওয়ায় প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিতে পারেন না। সুইজারল্যান্ডে পাকিস্তানের কৌঁসুলি মিচেলি বলেন, সুইজারল্যান্ডে জব্দ করা সম্পদের বিষয়ে অনুসন্ধান চালানোর অনুরোধ জানিয়ে ইসলামাবাদ সুইস কর্তৃপক্ষকে চিঠি লিখতে পারে। কিন্তু প্রেসিডেন্ট জারদারি স্বদেশে দায়মুক্তি ভোগ করায় কর্তৃপক্ষ এ নিয়ে কোনো তদন্ত শুরু করতে পারবে না।কাউকে ভয় পান না গিলানি: প্রধানমন্ত্রী ূ দাবি করেছেন, তিনি কাউকে ভয় পান না। সুইজারল্যান্ড সরকারকে প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে মামলা চালু করার অনুরোধ জানিয়ে কোনো চিঠি লেখা হবে না বলে জানিয়ে দেওয়ার এক দিন পর গতকাল তিনি এ দাবি করলেন। এদিন লাহোরের কিন্নায়ার্ড কলেজের সমাবর্তন অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় গিলানি দৃঢ় কণ্ঠে বলেন, তাঁর সরকার আগামী বছর শেষ হতে যাওয়া নির্ধারিত পাঁচ বছরের মেয়াদ সম্পন্ন করবে। আর এর মধ্য দিয়ে পাকিস্তান পিপলস পার্টি একমাত্র দল হিসেবে পূর্ণ মেয়াদে সরকারে থাকার মাইলফলক অর্জন করবে। বক্তব্যে তিনি তাঁর ইতিবাচক সমালোচনা করার জন্য গণমাধ্যমের প্রশংসা করেন। ডন অনলাইন।