জারদারির পাকিস্তানে ফেরা ‘সাময়িক’ হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দেশে ফেরাটা ‘সংক্ষিপ্ত সময়ের জন্য’ হতে পারে। তাঁর স্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যার চতুর্থ বার্ষিকীর পর তিনি সম্ভবত আবারও দেশ ছাড়বেন।মার্কিন প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।প্রেসিডেন্ট জারদারি ৬ ডিসেম্বর হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যান। সেখানে তাঁকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্য পাওয়া না গেলেও গণমাধ্যমের প্রতিবেদন জানা যায়, হূদেরাগে আক্রান্ত হওয়ার পরে জারদারির স্ট্রোক হয়। ফলে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। চিকিৎসার পর গত রোববার রাতে তিনি পাকিস্তানে ফেরেন।পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে গত সপ্তাহে নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, ২৭ ডিসেম্বর বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের চতুর্থ বার্ষিকী। এর আগে প্রেসিডেন্ট জারদারির দেশে ফেরা হতে পারে তাঁর ‘সংক্ষিপ্ত’ উপস্থিতি। এতে আরও বলা হয়, এবার তিনি সম্ভবত স্থায়ীভাবে বা দীর্ঘ সময়ের জন্য লন্ডন বা দুবাই চলে যাবেন।২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে এক জনসভা শেষে নিজের গাড়িতে ওঠার সময় গুলি ও বোমা হামলায় নিহত হন বেনজির। পিটিআই অনলাইন।