জারদারির বিরুদ্ধে করা আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে আসিফ আলী জারদারির কাজ চালিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা একটি আবেদন গত মঙ্গলবার খারিজ করে দিয়েছেন লাহোর হাইকোর্ট। পাকিস্তানের রাজনৈতিক দল জামায়াতে ইসলামির নেতা ফরিদ পিরাচা প্রেসিডেন্ট হিসেবে জারদারির কাজ চালিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা চেয়ে লাহোর হাইকোর্টে আবেদন করেন। এতে বলা হয়, প্রেসিডেন্ট পদে থাকলে দেশটির রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া যাবে না—মর্মে রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট। কিন্তু জারদারি আদালতের নির্দেশনা অমান্য করে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ফরিদ জানান, ২০১১ সালের ১২ মে লাহোর হাইকোর্টের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ প্রেসিডেন্ট জারদারিকে পিপিপি থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন। কিন্তু জারদারি আদালতের নির্দেশনা না মেনে আদালত অবমাননা করছেন।লাহোর হাইকোর্টের বিচারক নাসির সাইদ শেখ গত মঙ্গলবার আবেদনটি খারিজ করে দেন। তিনি জানান, একই বিষয়ে আদালতে আরেকটি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এই যুক্তিতে আবেদনটি খারিজ করেন আদালত। পিটিআই।