জারদারির বিরুদ্ধে মামলা পুনরায় চালুর উদ্যোগ নিতে রাজা পারভেজকে নির্দেশ
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা আগামী ১২ জুলাইয়ের মধ্যে পুনরায় শুরু করার উদ্যোগ নিতে দেশটির নতুন প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির সুপ্রিম কোর্ট গতকাল বুধবার এ নির্দেশ দেন।অ্যাটর্নি জেনারেলকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তাঁর অবস্থান পরবর্তী শুনানির দিন আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের এই অবস্থান এটাই ইঙ্গিত করে, দেশটিতে সরকারের সঙ্গে আদালতের দ্বন্দ্ব সহজে নিরসনের সম্ভাবনা নেই।জারদারির বিরুদ্ধে সুইজারল্যান্ডে ওই দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। এতে তিনি আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হন। বিচারপতি নাসির-উল-মুলকের নেতৃত্বাধীন তিনজন বিচারকের একটি বেঞ্চ অ্যাটর্নি জেনারেল ইরফান কাদিরকে এ ব্যাপারে মনে করিয়ে দিয়ে বলেন, নতুন প্রধানমন্ত্রী আদালতের নির্দেশ পালন করবেন বলে বেঞ্চ আশাবাদী।ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান আসিফ আলী জারদারির ঘনিষ্ঠ সহযোগী রাজা পারভেজ আশরাফ দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করতে সুইজারল্যান্ডের কর্তৃপক্ষকে লিখিত আহ্বান জানানোর জন্য গিলানিকে একাধিকবার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। কিন্তু নির্দেশ না মানায় গিলানিকে দোষী সাব্যস্ত করে আদালত গত ২৬ এপ্রিল প্রতীকী রায় দেন। পরে ১৯ জুন সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী পদে ইউসুফ রাজা গিলানিকে অযোগ্য ঘোষণা করেন।এদিকে, নতুন প্রধানমন্ত্রী পারভেজ আশরাফ দায়িত্ব নেওয়ার পর গত রোববার বলেছেন, জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরায় চালুর জন্য সুইজারল্যান্ডে কোনো চিঠি লেখা হবে না। বিষয়টি পিপিপি আগেই স্পষ্ট করে দিয়েছে। এ ব্যাপারে তাঁর ও গিলানির অবস্থান অভিন্ন।বর্তমান প্রেসিডেন্ট জারদারি ও তাঁর প্রয়াত স্ত্রী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো গত শতকের নব্বইয়ের দশকে শুল্ক পরিদর্শনসংশ্লিষ্ট কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের কাছ থেকে এক কোটি ২০ লাখ মার্কিন ডলার ঘুষ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সুইজারল্যান্ডের একাধিক ব্যাংক হিসাবে ওই অর্থের লেনদেন হয় অভিযোগ এনে দেশটিতে এ ব্যাপারে মামলা হয়। ২০০৮ সালে জারদারি পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হলে সুইজারল্যান্ড ওই মামলাটি খারিজ করে দেয়। এএফপি ও পিটিআই।