জারদারির ভারত সফরে ইমরান খানের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও তাঁর ছেলে বিলাওয়াল জারদারির সাম্প্রতিক ভারত সফরের সমালোচনা করেছেন বিরোধী রাজনীতিকেরা। দেশটির সাবেক তারকা ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খান জারদারির সফরের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন। পাকিস্তান সীমান্তে সিয়াচেন হিমবাহে তুষার ধসে ১৩৫ জন সেনা নিহত হওয়ার মতো দুঃখজনক ঘটনার পরপরই ছেলেসহ প্রেসিডেন্ট জারদারির ব্যক্তিগত সফরে ভারতে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। গতকাল মঙ্গলবার পাকিস্তানের পরিবারকেন্দ্রিক রাজনীতির কঠোর সমালোচনা করে তিনি সাংবাদিকদের কাছে এ ক্ষোভ প্রকাশ করেন। ইমরান খান বলেন, জারদারি ও তাঁর ছেলে জানেন না, দুর্দিনে কীভাবে দেশবাসীর পাশে দাঁড়াতে হয়। ইমরান খান পাকিস্তান পিপলস পার্টির উঠতি রাজনৈতিক নেতা হিসেবে বিবেচিত বিলাওয়াল জারদারির সমালোচনা করে বলেন, দেশবাসী ও দেশের প্রতিষ্ঠানগুলোর প্রতি শ্রদ্ধা নেই, এমন রাজনৈতিক নেতাদের মানুষ কোনোদিন ক্ষমা করবে না। পাকিস্তানের মানুষ কী ধরনের কঠিন সময় পার করে, সে সম্পর্কে নূন্যতম ধারণা নেই বিলাওয়ালের। এমনকি তিনি উর্দুতে ভালো করে কথাও বলতে পারেন না। পাকিস্তানের জনগণের সঙ্গে সম্পর্কহীন হয়েও শুধু পারিবারিক ঐতিহ্যের ধারায় রাজনৈতিক নেতা বনে যাওয়ার রীতির বিরোধিতা করে ইমরান খান বলেন, সাধারণ মানুষের মধ্য থেকেই তাঁর দলের নেতৃত্ব নির্বাচন করা হবে। পিটিআই।