জারদারির মামলা পুনরুজ্জীবিত করতে নারাজ সুইজারল্যান্ড
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করার অনুরোধ প্রত্যাখ্যান করেছে সুইজারল্যান্ড। পাকিস্তানের আইন মন্ত্রণালয় গতকাল রোববার এ কথা জানিয়েছে। মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ইয়াসমিন আব্বাসী বলেন, প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে মামলা পুনরুজ্জীবিত করবে না বলে সুইরাজল্যান্ড নিশ্চিত করেছে। রাষ্ট্রপ্রধান হিসেবে জারদারি দায়মুক্তির আওতায় পড়েন। এই বিধানের কারণেই সুইজারল্যান্ড কর্তৃপক্ষ মামলাটি পুনরুজ্জীবিত করার প্রস্তাবে রাজি হয়নি। জারদারির বিরুদ্ধে মামলাটি নিয়ে পাকিস্তানে প্রায় তিন বছর ধরে বিতর্ক চলছে। ওই মামলা পুনরুজ্জীবিত করার অনুরোধ জানিয়ে সুইজারল্যান্ডের কর্তৃপক্ষকে চিঠি লিখতে পাকিস্তান সরকারকে নির্দেশ দেন দেশটির সুপ্রিম কোর্ট। ওই নির্দেশ অমান্য করার জেরে ইউসুফ রাজা গিলানি গত জুনে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন। তাঁর উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফেরও একই পরিণতি হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। তবে তাঁর সরকার সুইজারল্যান্ডের কর্তৃপক্ষকে গত অক্টোবরে চিঠি লিখতে বাধ্য হয়। জারদারি এবং তাঁর প্রয়াত স্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ১৯৯০-এর দশকে বড় অঙ্কের অর্থ সুইজারল্যান্ডে পাচার করেন বলে অভিযোগ এনে তাঁদের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলা ২০০৮ সালে খারিজ হয়ে যায়। সুইজারল্যান্ডের আইনজীবীরা ২০১০ সালে জানান, পাকিস্তানের ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলার কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব নয়। পাকিস্তানের রাজনৈতিক ধারাভাষ্যকার হাসান আসকারি বলেছেন, জারদারির বিরুদ্ধে মামলা পুনরুজ্জীবিত না করতে সুইজারল্যান্ড যে সিদ্ধান্ত নিয়েছে তাতে মনে হচ্ছে, এই মামলা সংশ্লিষ্ট অধ্যায়ের আপাত সমাপ্তি ঘটল। তবে নির্বাচনের মাঠে জারদারির পাকিস্তান পিপলস পার্টিকে ঘায়েলকরতে প্রতিপক্ষরা এই ইস্যুকে কাজে লাগাতে পারে। এএফপি।