জারদারির যুক্তরাষ্ট্র সফর বাতিলের হুমকি
দুর্বল গণতন্ত্রের দেশ পাকিস্তানে দিনে দিনে সাম্রাজ্যবাদী ঔদ্ধত্য বেড়েই চলেছে। কিন্তু এটার ফল হচ্ছে হিতে বিপরীত। ছয় মাসের মধ্যে পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্র দ্বিতীয়বারের মতো এমন আচরণ করছে। এর আগে উপজাতীয় এলাকায় মার্কিন হেলিকপ্টার হামলায় কয়েকজন পাকিস্তানি সেনাসদস্যকে হত্যা করায় গত বছরের অক্টোবর মাসে ন্যাটো বাহিনীর পণ্য সরবরাহ লাইন বন্ধ করে দেয় পাকিস্তান। পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এ জন্য ক্ষমাপ্রার্থনার পর ওই লাইন আবারও চালু করা হয়েছিল। তবে এবার যুক্তরাষ্ট্র ক্ষমা চাইতে বা পাকিস্তানের আইনকে সম্মান প্রদর্শন করতে প্রস্তুত নয়। কিন্তু তারা প্রমাণ করার চেষ্টা করছে যে পাকিস্তান কোনোভাবেই তাদের বিশ্বাসযোগ্য মিত্র নয়।আফগানিস্তান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের সঙ্গে উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনাটি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্রের ভ্রান্ত ধারণা, গত ২৭ জানুয়ারি লাহোরে পাকিস্তানি দুই নাগরিককে গুলি করে হত্যার দায়ে গ্রেপ্তার হওয়া গোয়েন্দা কর্মকর্তা রেমন্ড ডেভিসকে মুক্তি দেওয়ার জন্য এই কূটনৈতিক বৈঠকটি স্থগিত করাটাই ইসলামাবাদের জন্য সবচেয়ে বড় চাপ।এই সাম্রাজ্যবাদী ঔদ্ধত্য কখনো কাজে আসেনি এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব সালমান বাশির গত শনিবার বলেছেন, ‘যদি আমি নীতিগর্হিত কাজ করি, তাহলে আমিও রেহাই পাব না।’ এখন অন্য চাপও আসছে। মার্কিন কর্মকর্তারা পাকিস্তানকে জানিয়েছেন, যদি ডেভিসকে কয়েক দিনের মধ্যে মুক্তি না দেওয়া হয়, তাহলে আগামী মাসে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির যুক্তরাষ্ট্র সফর বাতিল করা হতে পারে। ইসলামাবাদে পররাষ্ট্র কার্যালয়ের নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রায় ১০ দিন থেকে এ ব্যাপারে কোনো কিছু বলেনি। সিআইএর চাপে ডেভিসের মামলা নিয়ে সরাসরি কাজ করছে হোয়াইট হাউস। এখন এটা খুবই পরিষ্কার যে, ডেভিস সিআইএর জন্য কাজ করেছিলেন, কারণ ডেভিস গ্রেপ্তার হওয়ার পর থেকেই সিআইএ পাকিস্তানের উপজাতি এলাকায় চালকবিহীন বিমান হামলা বন্ধ করে দিয়েছে।এটাও জানা গেছে যে ওয়াশিংটনে পাকিস্তানি কর্মকর্তারা হোয়াইট হাউস থেকে সরাসরি হুমকি পেয়েছেন। গত সপ্তাহে ওয়াশিংটনের পাকিস্তান দূতাবাস থেকে ইসলামাবাদে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে জানানো হয়, প্রেসিডেন্ট জারদারির আসন্ন ওয়াশিংটন সফর বাতিল করা হতে পারে। কংগ্রেসের কয়েকজন সদস্য পাকিস্তানে মার্কিন সাহায্য পাঠানো ব্যাহত করতে পরিকল্পনা করছেন। এত হুমকির পরও গতকাল রোববার ইসলামাবাদের সরকারের উচ্চপর্যায় থেকে আবারও পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, ডেভিসের ভবিষ্যৎ নির্ধারণ করবেন পাকিস্তানের আদালত। একজন ক্ষমতাধর কেন্দ্রীয় মন্ত্রী এই প্রতিবেদককে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের কথা শোনার মতো অবস্থা আমাদের নেই, কারণ বিষয়টি এখন বিচারাধীন। লাহোর হাইকোর্ট তালিকাভুক্ত। কীভাবে আমরা আদালতের নির্দেশের বাইরে যাব। আমরা যদি নির্দেশ না মানি, তাহলে আদালত অবমাননার দায়ে পড়তে হবে। আমরা নিশ্চিত, এটা করলে পাকিস্তানের লোকজন আমাদের বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে এবং আমাদের পরিণতি মিসরের হোসনি মোবারকের চেয়ে করুণ হবে।’ডেভিসের ব্যাপারে যদি ঐকমত্যই থাকে, তাহলে শাহ মাহমুদ কোরেশিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো না কেন—এ প্রশ্নের কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি ওই মন্ত্রী। তিনি এটা মেনে নিয়েছেন যে, এর জবাব প্রধানমন্ত্রী গিলানিই দিতে পারেন। তিনি বলেন, ‘ডেভিসের ঘটনায় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, পাঞ্জাব সরকার এক লাইনে আছেন। তাঁদের বক্তব্য, ডেভিসের ভবিষ্যৎ নির্ধারিত হবে আদালতে। কোনো মার্কিন চাপের কাছে নত হওয়া যাবে না। কারণ নির্বাচন খুবই কাছে। এটা করলে পিপিপির রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে।’প্রাথমিকভাবে প্রেসিডেন্ট জারদারি মার্কিন চাপ থেকে বেরিয়ে আসার পথ খুঁজে বের করতে বলেছিলেন প্রধানমন্ত্রী গিলানিকে। কিন্তু পররাষ্ট্রসচিব সালমান বাশির স্পষ্ট ভাষায় প্রধানমন্ত্রীর কাছে নোট পাঠান যে, ‘রেমন্ড ডেভিস কোনো কূটনীতিক নন। আর মার্কিন চাপের মুখে আমরা আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যাপারে সমঝোতা করতে পারি না। একজন খুনিকে রেহাই দেওয়া হবে কি না, তা আদালতই ঠিক করুক।’একজন ইউরোপীয় কূটনীতিক বলেন, এক ডেভিসের ঘটনায় একজন বড় খেলোয়াড় হিসেবে যুক্তরাষ্ট্র সব দায়-দায়িত্ব ভুলে গেল! একজন আরব কূটনীতিক বলেন, ‘দেশের আইন লঙ্ঘনের জন্য আমরা তালেবান ও আল-কায়েদার নিন্দা করছি, তাদের খুঁজে বেড়াচ্ছি, শাস্তি দিচ্ছি। তাহলে ঘাতক একজন মার্কিন নাগরিককে কেন গ্রেপ্তার ও শাস্তি দিতে পারব না। তালেবান আর মার্কিন গোয়েন্দাদের মধ্যে পার্থক্যটা কী? তারা উভয়েই আইন ভাঙছে, মানুষ হত্যা করছে।’