জারদারির সঙ্গে দেখা হলো না জেলজীবনের সহচরের
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ভারত সফরে আসছেন—এ খবর প্রচার হওয়ার পর সম্ভবত সবচেয়ে বেশি খুশি হন ভারতের সাবেক গুপ্তচর মেহবুব এলাহি (৫২)। কিন্তু গতকালের সংক্ষিপ্ত ভারত সফর শেষে জারদারি দেশে ফিরে যাওয়ার পর সবচেয়ে হতাশ ব্যক্তিটিও সম্ভবত তিনিই।পাকিস্তানের প্রেসিডেন্ট ভারতে আসছেন জেনে তাঁর সাক্ষাৎ পেতে অনেক আগেই ভারতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে চিঠি পাঠান এলাহি। হাইকমিশন ওই চিঠির কোনো জবাব দেওয়ার প্রয়োজন মনে করেনি। বেশ কিছুদিন অপেক্ষায় থাকার পর চিঠির জবাব না পেয়ে শেষ চেষ্টা হিসেবে চিঠি লেখেন ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের কাছে। কিন্তু সেখান থেকেও সাড়া মেলেনি। সাবেক এই ভারতীয় গুপ্তচরের প্রেসিডেন্ট জারদারির সঙ্গে দেখা করতে চাওয়ার এমন আগ্রহের নেপথ্যে রয়েছে জেলজীবনের কিছু সুখস্মৃতির ঘটনা। সে ইতিহাস জানতে ফিরে যেতে হবে প্রায় অর্ধ শতাব্দী আগে। পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট জারদারি তখন করাচির কেন্দ্রীয় কারাগারে বন্দী। সময়টা ১৯৮৬-৮৭ সাল। ওই সময় জারদারির জেলজীবনের সহচর ছিলেন এলাহি।পাকিস্তানের বিভিন্ন কারাগারে প্রায় দুই দশক বন্দিজীবন কেটেছে মেহবুব এলাহির। ভারতের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে ১৯৭৭ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সে দেশে বন্দী ছিলেন তিনি। করাচির কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকার সময় জারদারিসহ পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) অনেক নেতার সঙ্গে তাঁর পরিচয় হয়।এলাহি বলেন, ‘জিয়া-উল-হকের সামরিক শাসনামলে জারদারি এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টোর সঙ্গে একই কারাগারে ছিলাম। প্রতি রোববার জেলের আঙিনায় জারদারির সঙ্গে আমাদের দেখা হতো।’ সাবেক এই গুপ্তচর বলেন, জারদারি কারাগারে থাকা অবস্থায় ভারতের যুদ্ধবন্দীদের প্রতি ‘সহানুভূতিশীল’ ছিলেন। তাঁদের সঙ্গে ভালো ব্যবহার করতেন এবং সাবান ও মিষ্টি কিনে দিতেন।এলাহি জানান, পাকিস্তানের কারাগারে ভারতের বন্দীদের প্রতিদিন নির্যাতন করা হয়। তার সারা শরীরে এখনো নির্যাতনের চিহ্ন বয়ে বেড়াচ্ছেন। এখনো ব্যথা অনুভব করেন তিনি। এলাহি জানান, ১৯৯৬ সালে পাকিস্তানের কারাগারে বন্দী ছিল ১ হাজার ৩৩৫ জন। বেশিরভাগই যুদ্ধবন্দী। বর্তমানে এ সংখ্যা কম-বেশি হতে পারে। এলাহি বলেন, প্রেসিডেন্ট জারদারির সঙ্গে দেখা হলে তিনি এসব যুদ্ধবন্দীদের মুক্ত করে দেওয়ার অনুরোধ জানাতেন। পিটিআই।