জারদারির সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ওবামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে বৈঠক করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।অনেক নাটকীয়তার পর ন্যাটো সম্মেলনের প্রস্তুতির একেবারে শেষ পর্যায়ে পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারিকে আমন্ত্রণ জানানো হয়। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে দুই দিনের এই সম্মেলন গত রোববার শুরু হয়। জারদারি সম্মেলনে অংশ নিচ্ছেন এই খবর নিশ্চিত হওয়ার পরই ধারণা করা হচ্ছিল, আফগানিস্তানে অবস্থান করা ন্যাটো সেনাদের রসদ সরবরাহের জন্য পাকিস্তান আবার নিজ দেশের সীমান্তপথ খুলে দেবে। কিন্তু ট্রানজিট মাশুল আদায় নিয়ে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা না হওয়ায় পাকিস্তান বন্ধ করে দেওয়া সীমান্তপথ আবার চালুর বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। পাকিস্তানের এই আচরণে ক্ষুব্ধ হয়ে যুক্তরাষ্ট্র সফররত দেশটির প্রেসিডেন্ট জারদারিকে সাক্ষাৎ দিতে অস্বীকৃতি জানিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস লিখেছে, সরবরাহপথ চালুর বিষয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট ওবামা জারদারিকে সাক্ষাৎ দিতে অপারগতা জানিয়েছেন। পত্রিকাটি বলছে, ওবামার সঙ্গে বৈঠকের মাধ্যমে নিজের মর্যাদা বাড়ানোর আশা নিয়ে জারদারি যুক্তরাষ্ট্র এলেও এখন তাঁকে খালি হাতেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরতে হবে। গত বছরের নভেম্বরে মার্কিন বিমান হামলায় আফগান সীমান্তসংলগ্ন এলাকায় ২৪ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার ঘটনায় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। এর জের ধরে পাকিস্তান ন্যাটোর রসদ সরবরাহপথ বন্ধ করে দেয়। এ ছাড়া ওই ঘটনায় যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করে দেশটি। কিন্তু যুক্তরাষ্ট্র ঘটনাটিকে দুঃখজনক বললেও ক্ষমা চাইতে অস্বীকৃতি জানায়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের পাকিস্তানবিষয়ক সাবেক উপদেষ্টা ভালি নাসর নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ‘ক্ষমা প্রার্থনার বিষয়টিকে কেন্দ্র করেই মার্কিন-পাকিস্তান সম্পর্কে জটিলতা দেখা দিয়েছে। ক্ষমা না চাওয়া এবং বৈঠক না করার মাধ্যমে পাকিস্তানের প্রতি চরম অবমাননাকর বার্তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।’ ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, সরবরাহপথ চালুর বিষয়ে সমঝোতা হবে এই আশায় জারদারিকে সম্মেলনের শেষ মুহূর্তে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু প্রতি কনটেইনারের জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা পাকিস্তানকে কত অর্থ দেবে এ বিষয়টির সুরাহা না হওয়াতে সমঝোতা হয়নি। পাকিস্তান প্রতি কনটেইনারের জন্য আগের চেয়ে ৩০০০ শতাংশ বেশি ট্রানজিট মাশুল দাবি করে, যা ওয়াশিংটন প্রত্যাখ্যান করেছে। এদিকে গত রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি। ন্যাটো সম্মেলনের পাশাপাশি আলাদাভাবে এই দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে জারদারি পাকিস্তানে মার্কিন ড্রোন হামলার বিষয়টির স্থায়ী সমাধান খুঁজে বের করার আহ্বান জানান। তিনি বলেন, এটি শুধু পাকিস্তানের সার্বভৌমত্বের ওপরই আঘাত নয়, দেশের মানুষও এতে ক্ষুব্ধ। পিটিআই, ডন।