জার্মান প্রেসিডেন্ট হোর্স্ট কোয়েলারের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির প্রেসিডেন্ট হোর্স্ট কোয়েলার গতকাল সোমবার পদত্যাগ করেছেন। সম্প্রতি আফগান যুদ্ধ নিয়ে এক মন্তব্যে কঠোর সমালোচনার মুখে পড়েন কোয়েলার। এরপর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।প্রেসিডেন্ট কোয়েলার গতকাল সোমবার বার্লিনে সাংবাদিকদের বলেন, ‘আমি প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। জার্মানির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অনেক বড় সম্মানের ছিল।’ তিনি বলেন, ‘জার্মানির জনগণকে ধন্যবাদ জানাই। তারা আমার ওপর আস্থা রেখেছিল এবং আমার কাজকে সমর্থন করেছে।’ কোয়েলার তাঁর সিদ্ধান্তের কথা চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলকে জানিয়ে দিয়েছেন বলেও উল্লেখ করেন।স্ত্রীসহ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ৬৭ বছর বয়সী কোয়েলার। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। উল্লেখ্য, জার্মানিতে প্রেসিডেন্টের পদ অনেকটাই আনুষ্ঠানিক। বিভিন্ন বিলে সই করা ছাড়া প্রেসিডেন্টের কোনো নির্বাহী ক্ষমতা নেই।গত ২২ মে জার্মান রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে কোয়েলার বলেন, আফগানিস্তান পরিস্থিতির মতো আঞ্চলিক অস্থিতিশীলতা জার্মানির বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। এই মন্তব্যের জন্য কঠোর সমালোচনার মুখে পড়েন কোয়েলার।কোয়েলার বলেন, তাঁর ওই মন্তব্যকে সবাই ভুল ব্যাখ্যা করেছেন। তিনি আফগানিস্তানে জঙ্গিবিরোধী অভিযানের বিরোধিতা করে কিছু বলেননি।উল্লেখ্য, আফগানিস্তানে তালেবান জঙ্গিদের মোকাবিলায় ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীতে জার্মানির সাড়ে চার হাজার সেনা দায়িত্ব পালন করছেন। বার্লিন তার সেনাদের ২০১১ সালের মধ্যে দেশে ফিরিয়ে আনতে চায়। তবে সেনা প্রত্যাহারের কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি জার্মানি।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক ব্যবস্থাপনা পরিচালক হোর্স্ব কোয়েলার ২০০৪ সালে জার্মানির প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০০৯ সালে তাঁকে প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত করা হয়। এএফপি।