জার্মান প্রেসিডেন্টের পদত্যাগ দাবি
জার্মান প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান ভুল্ফের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার সে দেশের সংবাদমাধ্যমে পদত্যাগের দাবি জানানো হয়েছে। ব্যক্তিগত ঋণ কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় তাঁর পদত্যাগের দাবি জানানো হয়।জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের মিত্র ভুল্ফের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, গত মাসে তিনি বিত্তশালী এক বন্ধুর স্ত্রীর কাছ থেকে ব্যক্তিগত ঋণ নেন। পরে বিষয়টি যাতে বহুল প্রচারিত বিল্ড পত্রিকায় প্রকাশ করা না হয়, সে জন্য তিনি হস্তক্ষেপ করেন।বিল্ড পত্রিকার সম্পাদক কাই ডিয়েকমানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে মর্মে ভুল্ফ একটি বার্তা পাঠান। এ বিষয়ে ভুল্ফ পত্রিকাটির প্রকাশনা সংস্থার প্রধান নির্বাহী এবং পত্রিকার প্রধান অংশীদারের সঙ্গে যোগাযোগও করেন বলে জানা গেছে।ওই ঘটনাকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য হুমকি উল্লেখ করে ফিন্যানশিয়াল টাইমস ডয়েচল্যান্ড পত্রিকা বলেছে, ভুল্ফের পদত্যাগ করা উচিত। এএফপি।