জার্মান মধ্যস্থতায় আগ্রহী বাশার

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, দেশটিতে প্রায় আড়াই বছর ধরে চলা সহিংসতা বন্ধে তিনি জার্মানির মধ্যস্থতা চান। সিরিয়ার বর্তমান পরিস্থিতির জন্য নিজের ভুলের কথাও স্বীকার করেছেন তিনি। জার্মান সাময়িকী ডের স্পিগেল-এর সঙ্গে সাক্ষাৎকারে এ মনোভাব প্রকাশ করেছেন বাশার। সাময়িকীটি আজ সোমবার সাক্ষাৎকারটি পূর্ণাঙ্গভাবে প্রকাশ করবে।
ডের স্পিগেল-এর সঙ্গে সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাশার বলেন, ‘সিরিয়ার সহিংসতা বন্ধে মধ্যস্থতা করতে জার্মানির দূত এলে তা দারুণ এক কাজ হবে।’ তবে তিনি দৃঢ়ভাবে বলেন, বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ না করলে তাদের সঙ্গে কোনো আলোচনায় যাবে না সিরিয়া সরকার। বাশার বলেন, ‘আমার সংজ্ঞায় রাজনৈতিক বিরোধীরা কখনো অস্ত্রধারী হতে পারে না।’ সাক্ষাৎকারে বরাবরের মতো সাম্প্রতিক রাসায়নিক হামলায় তাঁর সেনাবাহিনীর সম্পৃক্ততার কথা অস্বীকার করেন তিনি। রাসায়নিক হামলার জন্য তিনি বিদ্রোহীদেরই দায়ী করেন। বাশার বলেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পর্যন্ত সিরিয়া সরকারের বিরুদ্ধে" রাসায়নিক হামলার চালানোর ‘কোনো প্রমাণ উল্লেখ করতে পারেননি’।
সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাশার রাশিয়াকে সিরিয়ার ‘সত্যিকারের বন্ধু’ বলে উল্লেখ করেন। একপর্যায়ে তিনি বলেন, ‘আমরা সবাই ভুল করেছি। এমনকি একজন প্রেসিডেন্টও ভুল করেন।’ তিনি ‘ব্যক্তিগতভাবে পৃথক পৃথক ব্যক্তির পৃথক ভুলের’ কথা স্বীকার করেন। তবে এ ভুলের বিষয়ে ডের স্পিগেল-এর শনিবারের অনলাইন সংস্করণে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
গত মাসে গৃহীত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২১১৮ নম্বর প্রস্তাব অনুযায়ী সিরিয়াকে ২০১৪ সালের জুন মাসের মধ্যেই রাসায়নিক অস্ত্র ধংস করতে হবে। বিবিসি, এএফপি ও ডন।