জার্মানি প্রাচীন ভাস্কর্য ফেরত দিল আফগানিস্তানকে
আফগানিস্তানে গৃহযুদ্ধের সময় লুট হয়ে যাওয়া প্রাক-ইসলামি যুগের একটি প্রাচীন ভাস্কর্য ফেরত দিয়েছে জার্মানি। এতে কাবুলের শিল্পকলা পণ্ডিতদের মধ্যে এই আশাবাদ তৈরি হয়েছে যে, লুট হয়ে যাওয়া প্রাচীনকালের অন্য নিদর্শনগুলোও দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।চলতি সপ্তাহে জার্মানি ভাস্কর্যটি ফেরত দেয়। আফগানিস্তানের ন্যাশনাল মিউজিয়ামের পরিচালক ওমারা খান মাসুদি বলেন, ‘এটি একটি অদ্বিতীয় শিল্পকর্ম...আমি আশাবাদী যে, ভবিষ্যতে অন্যান্য মূল্যবান নিদর্শনও আমরা ফেরত পাব।’জার্মানি থেকে ফেরত আসা ভাস্কর্যটি একসময় ন্যাশনাল মিউজিয়ামে ছিল। এক বছর আগে এটাকে হঠাৎ জার্মানির মিউনিখে দেখা যায়।বার্লিনে আফগান দূতাবাস তদন্ত করে দেখেছে যে, ভাস্কর্যটি কার মালিকানায় ছিল।সোভিয়েত ইউনিয়ন বিদায় নেওয়ার পর নব্বইয়ের দশকের শুরুর দিকে কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে লড়াই চলে। ওই সময় জাদুঘরগুলোর প্রায় ৭০ ভাগ বা প্রায় ৭০ হাজারটি প্রাচীন নিদর্শন লুট হয়ে যায়। পরে এগুলো কালোবাজারে বিক্রি করে দেওয়া হয়।প্রাচীন নিদর্শনগুলো দেশে ফেরত আনতে কাজ করে যাচ্ছেন ওমারা খান মাসুদি। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আইন অনুযায়ী এটা আমাদের দায়িত্ব। এগুলো অবশ্যই আফগানিস্তানে ফেরত আনতে হবে।’ রয়টার্স।