জার্মানি, ফ্রান্স ও স্পেন 'নিজের জনগণের ওপর নজরদারি করে'
জার্মানি, ফ্রান্স ও স্পেনের গোয়েন্দা সংস্থাগুলো নিজের দেশের জনগণের ওপর ‘নজরদারি’ করে। টেলিফোন ও ইন্টারনেট তৎপরতায় গণনজরদারি কার্যক্রম পরিচালনার জন্য দেশ তিনটি নিজের গোয়েন্দা সংস্থাগুলোর প্রযুক্তি ও কৌশলগত সক্ষমতা বাড়িয়েছে।
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথির বরাত দিয়ে ব্রিটিশ প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। ইউরোপের ওই তিনটি দেশই মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) নজরদারির কঠোর সমালোচক।
স্নোডেনের ফাঁস করা ব্রিটিশ গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ-এর নথির বরাত দিয়ে গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়, স্পেনের জাতীয় গোয়েন্দা কেন্দ্র (সিএনআই) ব্রিটিশ একটি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে গণনজরদারির ক্ষেত্রে ‘বড় ধরনের পদক্ষেপ’ নেয়। ওই প্রতিষ্ঠান সিএনআইকে নজরদারির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দেয়। প্রতিষ্ঠান এ বিষয়টি জিসিএইচকিউকে অবহিত করে।
প্রতিবেদনে বলা হয়, স্পেন, ফ্রান্স, জার্মানি নিজেদের পদ্ধতিতে ইন্টারনেট ও টেলিফোনে নজরদারির জন্য কৌশল ও প্রযুক্তির উন্নয়ন ঘটিয়েছে। এ জন্য সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো পাঁচ বছর ধরে জিসিএইচকিউর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। সুইডেনও নিজেদের পদ্ধতিতে ইন্টারনেট ও টেলিফোনে নজরদারির জন্য কৌশল ও প্রযুক্তির উন্নয়ন ঘটিয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
মার্কিন নজরদারির বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোর কঠোর সমালোচনার পরিপ্রেক্ষিতে চলতি সপ্তাহের শুরুর দিকে এনএসএর প্রধান কিথ আলেকজান্ডার অভিযোগ তোলেন, ইউরোপে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নয়, ইউরোপের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলোই নজরদারি চালিয়ে যাচ্ছে।
অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতকে তলব: যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এশিয়ার বিভিন্ন দেশের দূতাবাস থেকে নজরদারির অভিযোগে ইন্দোনেশিয়ায় নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত গ্রেগ মরিয়ার্টিকে তলব করেছে জাকার্তা। মরিয়ার্টির গতকাল শনিবার জাকার্তাকে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার কথা ছিল।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডের সমন্বয়ে গঠিত গোয়েন্দা জোট ‘ফাইভ আই’জ’ এশিয়ায় জাকার্তা, বেইজিংসহ কয়েকটি রাজধানী শহর থেকে নজরদারি করে বলে অভিযোগ উঠেছে। স্নোডেনের বরাত দিয়ে ওই অভিযোগসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে জার্মান সাময়িকী ডের স্পিগেল ও অস্ট্রেলিয়ার পত্রিকা সিডনি মর্নিং হেরাল্ড। টেলিগ্রাফ।