জার্মানিতে ঘাতক ব্যাকটেরিয়ায় আরও ১০০ জন আক্রান্ত
জার্মানিতে ঘাতক ব্যাকটেরিয়া ই কোলির সংক্রমণে আরও প্রায় ১০০ জন আক্রান্ত হয়েছে। গতকাল বুধবার দেশটির রোগবিষয়ক জাতীয় প্রতিষ্ঠান রবার্ট কখ ইনস্টিটিউট এ কথা জানায়। ব্যাকটেরিয়াটির সংক্রমণের মূল উৎস সম্পর্কে এখনো জানা যায়নি। এই ব্যাকটেরিয়ার কারণে ইউরোপজুড়ে সবজিচাষিদের চড়া মূল্য দিতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।স্পেন হুমকি দিয়েছে, নিশ্চিত না হয়েই যেসব জার্মান কর্মকর্তা ই কোলির বিস্তারের জন্য স্পেন থেকে আমদানি করা শসাকে দায়ী করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে তারা।জার্মানির বিজ্ঞানী ও স্বাস্থ্য কর্মকর্তারা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েছেন যে হেমোলিটিক ইউরেমিক সিনড্রোম (এইচইউএস) নামে যে রোগ দেশে আতঙ্ক সৃষ্টি করেছে, এর মূল কারণ ই কোলি ব্যাকটেরিয়ার সংক্রমণ। তবে কীভাবে কিসের মাধ্যমে এই ব্যাকটেরিয়া ছড়াল, এ ব্যাপারে এখনো তাঁরা নিশ্চত হতে পারেননি। রবার্ট কখ ইনস্টিটিউট জানায়, এইচইউএস রোগে আক্রান্ত রোগীর সংখ্যা গতকাল পর্যন্ত ৩৭৩ থেকে বেড়ে ৪৭০-এ পৌঁছেছে। এই রোগে এর মধ্যে জার্মানিতে ১৫ জন এবং সুইডেনে একজনের মৃত্যু হয়েছে। এএফপি, রয়টার্স।