জার্মানিতে তেজস্ক্রিয় বর্জ্যবাহী ট্রেনের গতিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানিতে গত শুক্রবার ফ্রান্স খেবে তেজস্ক্রিয় পারমাণবিক বর্জ্য নিয়ে আসা একটি ট্রেন ঠেকাতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। ট্রেনটি জার্মানির ছোট্ট শহর নিউনকার্চেনে পাঁচ ঘণ্টারও বেশি সময় আটকে রাখে তারা। তবে বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল।প্রক্রিয়াজাত করা পারমাণবিক বর্জ্যে ট্রেনটির ১১টি কামরা পূর্ণ ছিল। পরে ট্রেনটি যাত্রা শুরু করে ১০০ কিলোমিটার যাওয়ার পর হাসলচ শহরের কাছে বিক্ষোভকারীরা রেলপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।পারমাণবিক জ্বালানির বিরুদ্ধে আন্দোলনরত একটি সংগঠনের মুখপাত্র জোচেন স্টে বলেন, উত্তর-পূর্ব জার্মানির গোর্লেবেন শহরে পৌঁছার আগে ট্রেনটির পথ রোধ করতে আবারও চেষ্টা চালানো হবে। জনগণ এই অবরোধ তৈরি করবে।টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে দেখা যায়, ট্রেনের গতি কমিয়ে দেওয়ার জন্য বিক্ষোভকারীরা রেললাইনের পাথর সরিয়ে নিচ্ছে।বিক্ষোভকারী একটি সংগঠনের কর্মী হান্না স্পিগেল বলেন, ট্রেনটিকে বিপদে ফেলার জন্য নয়, বরং এর অগ্রযাত্রা যতটুকু সম্ভব বিলম্বিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।এর আগে গত বৃহস্পতিবার গোর্লেবেন শহরের কাছাকাছি একটি রাস্তায় বিক্ষোভকারীরা প্রতিবন্ধকতা তৈরি করেছিল। এতে অংশগ্রহণকারী শতাধিক ব্যক্তির ওপর পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয় এবং পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে।গতকাল বিচ্ছিন্ন কয়েকটি সহিংস ঘটনা ঘটে। পুলিশ জানায়, অজ্ঞাত দুর্বৃত্তরা দুটি মোটরগাড়িতে আগুন ধরিয়ে দেয়। এএফপি।