জার্মানিতে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
জার্মানিতে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। সড়কে দায়িত্ব পালনকালে একটি গাড়ি থামিয়ে এক পাশে নেওয়ার সময় তাঁদের ওপর গুলি করা হয়। স্থানীয় সময় সোমবার ভোরে রাইনল্যান্ড রাজ্যে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, নিহত দুই পুলিশ কর্মকর্তার একজন নারী। তাঁর বয়স ২৪ বছর। সঙ্গে থাকা পুরুষ সহকর্মীর বয়স ২৯ বছর। হামলার সময় তাঁরা জানান, একটি গাড়ি থামানো হয়েছে ও তাঁদের ওপর গুলি চালানো হয়েছে। এরপরই তাঁদের সঙ্গে রেডিওর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পুলিশ গিয়ে একজনকে মৃত অবস্থায় পায়। অপরজন গুরুতর আহত অবস্থায় ছিলেন।
ঘটনার পর পুলিশ ব্যাপক অভিযান শুরু করে। তারা সে সময় জানায়, হামলাকারীরা যে গাড়িতে করে পালিয়ে গেছে, সেই গাড়ির বিষয়ে তাদের কাছে কোনো বিবরণ নেই। কোন দিকে পালিয়ে গেছে তা-ও অজানা। গুলি চালানোর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এরপর সোমবার বিকেলে জানানো হয়, হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৩৮ বছর বয়সী একজনকে শনাক্ত করেছে পুলিশ। ওই ব্যক্তির একটি ছবিও প্রকাশ করা হয়। তিনি পাশের রাজ্য সারল্যান্ডের বাসিন্দা বলে জানায় পুলিশ।
পুলিশের ওই ঘোষণার পর সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে একজন প্রাথমিকভাবে সন্দেহভাজনের তালিকায় থাকা ৩৮ বছর বয়সী এক ব্যক্তি। গ্রেপ্তার অপরজনের বয়স ৩২ বছর।
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার বলেন, ‘এ ঘটনা এটাই দেখিয়েছে, আমাদের প্রতিদিনের নিরাপত্তার জন্য পুলিশ কর্মকর্তারা জীবনের ঝুঁকি নিয়ে চলেন।’
এর আগে ২০১০ সালে রাইনল্যান্ড রাজ্যে এক পুলিশ কর্মকর্তাকে হত্যার ঘটনা ঘটে। সে বছর তাঁকে গুলি করে হত্যা করেন এক মোটরসাইকেলচালক।