জার্মানিতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্লিনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে গত শুক্রবার তলব করেছে জার্মান সরকার। গত বুধবার গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানিতে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে তলব করা হলো। খবর বিবিসির।
মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) নজরদারি নিয়ে জার্মানিতে গঠিত একটি কমিটির তথ্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কাছে পাচারের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তি ‘ডাবল এজেন্ট’ বলে জানা গেছে। জার্মানি জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রের কাছে টেলিফোনে তথ্য পাচারকালে বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ওপর এনএসএর নজরদারির খবর ফাঁস হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে জার্মানির সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়।
জার্মান কর্তৃপক্ষ মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে এই বিব্রতকর পরিস্থিতির ব্যাখ্যা জানতে চায়। জার্মান সরকারের মুখপাত্র স্থানীয় একটি পত্রিকাকে বলেন, বিষয়টি গুরুতর।