জার্মানির অর্থনৈতিক নীতির সমালোচনায় যুক্তরাষ্ট্র

জার্মানির অর্থনৈতিক নীতির সমালোচনা করে যুক্তরাষ্ট্র বলেছে, ইউরোপীয় দেশটির রপ্তানিনির্ভর প্রবৃদ্ধি মডেল ইউরোঞ্চল ও বিশ্ব অর্থনীতির ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের ষাণ্মাসিক প্রতিবেদনে বলা হয়, জার্মানিতে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি খুবই হতাশাজনক।
প্রতিবেদনে চীনের ‘অত্যল্প মুদ্রামান’ বিষয়ে যুক্তরাষ্ট্রের পুরোনো দৃষ্টিভঙ্গির এবারও অপরিবর্তিত রয়েছে। যুক্তরাষ্ট্র এর আগে বহুবার চীনা অর্থনীতির সমালোচনা করলেও জার্মানির অর্থনীতির সমালোচনা বিরল।
মার্কিন রাজস্ব বিভাগ বলছে, ‘ইউরোঞ্চলের দেশগুলো যখন চাহিদা ও আমদানি হ্রাসের তীব্র চাপের মধ্য দিয়ে যাচ্ছে, তখন জার্মানির রক্তস্বল্পতার মতো ফ্যাকাশে (হতাশাজনক) অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি ও রপ্তানিনির্ভরতা দেশগুলোর অর্থনৈতিক ভারসাম্য নিশ্চিতের বিষয়টিকে বাধাগ্রস্ত করছে। ... ইউরোঞ্চল ও বিশ্ব অর্থনীতির জন্য এটা (জার্মানির নীতি) সার্বিকভাবে অনাকাঙ্ক্ষিত দিকে ধাবিত হচ্ছে।’
বিদঘুটে
ইউরোঞ্চলের বৃহত্তম অর্থনীতি এখন জার্মানির। গত কয়েক বছরে এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জার্মানির ভূমিকা সবচেয়ে বেশি ও ইতিবাচক।
১৭-রাষ্ট্রের জোট ইউরোতে জার্মানি বাদে বাকি দেশগুলোর ঋণসংকট প্রবল হওয়ার সঙ্গে সঙ্গে দেশটির গুরুত্ব বেড়েছে। ওই সংকটে ইতালি ও স্পেনের মতো দেশগুলো ভীষণ চাপের মধ্যে পড়ে।
ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশগুলোর অন্যতম জার্মানি। রপ্তানি সক্ষমতাকে দেশটির সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচনা করা হয়।
এ বছরের শুরুতে দেশটি অর্থনৈতিক মন্দার মুখে গিয়েও ফিরে এসেছে। ২০১৩ সালে দেশটিতে ভোক্তা ও উত্পাদক উভয়ের চাহিদাই বেড়েছে।
বিশ্লেষকেরা বলছেন, অভ্যন্তরীণ চাহিদা বাড়ালে জার্মানিরই সুবিধা হবে। তাই দেশটির যেসব সমালোচনা করা হচ্ছে, তা ঠিক নয়।
গবেষণা প্রতিষ্ঠান আইএইচএসের সহসভাপতি টনি ন্যাশ বিবিসিকে বলেন, ‘আমার মনে হয় ব্যাপারটা বিদঘুটে। ইউরোঞ্চলের (উন্নতি দেখাতে হলে বা অবনতি হচ্ছে না এটা দেখাতে হলে) কোনো না কোনো দেশে প্রবৃদ্ধি হচ্ছে এটা নিশ্চিত হতে হবে (তবে অন্তত ভারসাম্য রক্ষিত হবে) এবং এজন্য জার্মানিই সবচেয়ে উপযুক্ত স্থান।’
ন্যাশ আরও বলেন, ‘পুরো ইউরোঞ্চলের জন্য বৃহত্ উন্নতির কর্মকাণ্ড থাকার বদলে এ মুহূর্তে জার্মানিতে খুবই কেন্দ্রীভূত, সচল ও দক্ষ রপ্তানির কার্যক্রম থাকা মঙ্গলজনক।’