জার্মানির ক্ষমতায় আবার আসছেন মেরকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মান চ্যান্সেলর ও ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (খ্রিস্টীয় গণতান্ত্রিক জোট) নেতা অ্যাঙ্গেলা মেরকেল প্রথম দফা নির্বাচনে জয়ী হওয়ার পর সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ছেন। ছবি: রয়টার্স
জার্মান চ্যান্সেলর ও ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (খ্রিস্টীয় গণতান্ত্রিক জোট) নেতা অ্যাঙ্গেলা মেরকেল প্রথম দফা নির্বাচনে জয়ী হওয়ার পর সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ছেন। ছবি: রয়টার্স

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল পার্লামেন্ট নির্বাচনে আবারও জয়ী হচ্ছেন। ভোটের ফলাফলে তাঁর দল অনেক এগিয়ে। এতে নিশ্চিতভাবেই তিনি টানা তৃতীয়বারের মতো চ্যান্সেলর হচ্ছেন।
সব ঠিক থাকলে সদ্য বিজয়ী চ্যান্সেলর ক্ষমতায় থাকবেন ২০১৭ সাল পর্যন্ত।
কদিন থেকেই ধারণা করা হচ্ছিল, অ্যাঙ্গেলা মেরকেল হচ্ছেন জার্মান রাজনীতির পরবর্তী কান্ডারি। ১৮তম পার্লামেন্ট নির্বাচনে মেরকেলের দল রক্ষণশীল ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন পেয়েছে ৪২ শতাংশ ভোট। প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধী সোশ্যাল ডেমোক্রেটিক দল পেয়েছে ২৬ শতাংশ ভোট। পরিবেশবাদী সবুজ দল ৮ আর বাম দল ৮.৫ শতাংশ ভোট পেয়েছে। তবে ক্ষমতাসীনদের কোয়ালিশন ফ্রি ডেমোক্রেটিক দল ৫ শতাংশের কম ভোট পাওয়ায় পার্লামেন্টে তাদের প্রতিনিধিত্ব থাকছে না।
সেক্ষেত্রে ক্ষমতাসীনদের সোশ্যাল ডেমোক্রেটিক দলের ২০০৫ সালের মডেলে মহাজোট বা পরিবেশবাদী সবুজ দলের সঙ্গে জোট করে সরকার চালাতে হবে।
কে এই মেরকেল

হামবুর্গে জন্মগ্রহণকারী ৫৯ বছর বয়সী অ্যাঙ্গেলা ডরথিয়া মেরকেল জন্মের পরপরই সমাজতান্ত্রিক ধ্যান ধারণায় বিশ্বাসী তাঁর ধর্মযাজক পিতার সঙ্গে পশ্চিম থেকে পূর্ব জার্মানিতে চলে যান। ১৯৮৯ সালের শেষের দিকে যখন পূর্ব জার্মানির সমাজতান্ত্রিক ব্যবস্থা ভেঙে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হচ্ছিল, তিনি সেখানে গণতান্ত্রিক জোটের মুখপাত্র হিসেবে কাজ করেন। পরে ১৯৯০ সালে পূর্ব জার্মানির সাধারণ নির্বাচনে বিজয়ী প্রধানমন্ত্রী লোথার ডে মেসায়ারের সরকারের সরকারি মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। মেরকেল সেই বছরই সাবেক জার্মান চ্যান্সেলর হেলমুট কোহলের হাত ধরে ঐক্যবদ্ধ জার্মানির রাজনীতিতে প্রবেশ করেন। হেলমুট কোহলের মন্ত্রিসভায় ১৯৯১ সালে পরিবার এবং ১৯৯৪ সালে পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ১৯৯৮ সালে ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক দলের সাধারণ সম্পাদক এবং ২০০০ সাল থেকে দলের সভানেত্রীর দায়িত্ব পালন করছেন। রক্ষণশীল ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দলে হেলমুট কোহল-পরবর্তী অনেক ঝানু রাজনীতিক থাকলেও অ্যাঙ্গেলা মেরকেল তাঁর প্রতিভা আর কৌশলের জোরে সবাইকে পাশ কাটিয়ে জার্মানির রাজনীতিতে নিজ অবস্থান শক্ত করেন।

২০০৮ সাল থেকে বিশ্ব অর্থনৈতিক মন্দার ঝড়ে সারা বিশ্বে যখন ইউরোপসহ অনেক দেশের বেসামাল অবস্থা, তখন মুক্তবাজার অর্থনীতির প্রবক্তা জার্মানিরও বেশ কিছু বড় ব্যাংক, শিল্প খাত বা মোটর গাড়ি তৈরির কারখানা দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে যায়। সে সময় অ্যাঙ্গেলা মেরকেল মুক্তবাজার অর্থনীতিকে সুকৌশলে সুনিয়ন্ত্রিত করেন। শুধু অর্থনৈতিক সংস্কার নয়, তাঁর শাসনামলে নানা সামাজিক সংস্কার তাঁর ভাবমূর্তি বাড়াতে সাহায্য করেছে।
বিগত আট বছরে অ্যাঙ্গেলা মেরকেলের এই অর্থনৈতিক ও সামাজিক বা পরিবেশবিষয়ক সংস্কার বা ইউরোপীয় এবং আন্তর্জাতিক রাজনীতি জার্মানিকে শুধু এগিয়ে নিয়ে গেছে। তাই রক্ষণশীল ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক দলের প্রার্থী হয়েও দলের গণ্ডি পেরিয়ে ভোটারদের সমর্থন আদায়ে সক্ষম হয়েছেন।

মেরকেলের দল ক্রিস্টিয়ান ডেমোক্রেটিকরা পরিবেশ বিষয়ে সব সময় ততটা সোচ্চার না থাকলেও জাপানের ফুকুশিমার পারমাণবিক বিদুেকন্দ্রে দুর্ঘটনার পর জনগণের চাপে জার্মানির পারমাণবিক বিদুেকন্দ্রগুলো ক্রমশ বন্ধ করে পরিবেশবান্ধব বিদ্যুত্ উত্পাদনের সিদ্ধান্ত গ্রহণ করে।
স্বল্পভাষী মেরকেল সব সময় সময়োপযোগী আর কৌশলের সঙ্গে দেশ পরিচালনার করেছেন, সংকট থেকে উত্তরণের চ্যালেঞ্জে এই মুহূর্তে তিনি জার্মান রাজনীতিতে অগ্রগণ্য নেত্রী।
এবারের নির্বাচনে অ্যাঙ্গেলা মেরকেলের প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধী সোশ্যাল ডেমোক্রেটিক দল তাদের ইশতেহারে ক্ষমতাসীন সরকারকে অভিযুক্ত করে বলেছিল, আট বছর ধরে ক্ষমতায় থাকলেও ধনী আর গরিবদের কর প্রদানে অসামঞ্জস্যতা দূর, ন্যূনতম মজুরি বা অবসর ভাতা, গৃহায়ণ সমস্যা ও গৃহায়ণ ভাতার ক্ষেত্রে পুরোনো সমস্যাগুলি নিয়ে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল কোনো সুরাহা করেননি। শিক্ষার ক্ষেত্রে নতুন কাঠামো পরিবেশ ও বিকল্প বিদ্যুতায়ন বা পারমাণবিক জ্বালানি বন্ধের ক্ষেত্রেও তারা ততটা উত্সাহী নয়। এ ছাড়া বৈদেশিক নীতির কিছু পরিবর্তন, যেমন ইউরোপীয় ইউনিয়নের তুরস্কের অন্তর্ভুক্তি বা আরও শিথিল শর্তে দক্ষিণ ইউরোপের দেশগুলোকে ঋণ দেওয়ার কথা বলেছিলেন।
চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধী সোশ্যাল ডেমোক্রেটিক দলের চ্যান্সেলর পদপ্রার্থী অর্থনীতিতে পড়াশোনা করা পেয়ার স্টাইনব্রুক ২০০৫ সালে অ্যাঙ্গেলা মেরকেলের নেতৃত্বাধীন বৃহত্ কোয়ালিশনে জার্মান অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনসহ একসময় নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে দলে এবং জার্মান জনগণের কাছে ততটা জনপ্রিয় নেতা হিসেবে বিবেচিত ছিলেন না।