জার্মানির নতুন প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ
জার্মানির ক্ষমতাসীন জোটের প্রার্থী ক্রিস্টিয়ান ভুল্ফ সে দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার তিন দফা নির্বাচনের পর প্রেসিডেন্ট নির্বাচিত হন নিদারসাক্সেন প্রদেশের মুখ্যমন্ত্রী ভুল্ফ। গতকাল শুক্রবার তিনি শপথ নিয়েছেন।জার্মানির সংবিধান অনুযায়ী একটি ফেডারেল পরিষদে এক হাজার ২৪৪ জন সদস্যের ভোটে নির্বাচিত হন প্রেসিডেন্ট। এদের মধ্যে ৬২২ জন জার্মান পার্লামেন্টের সদস্য। বাকিরা জার্মানির ১৬টি রাজ্য পার্লামেন্টের সদস্য।নির্বাচনে প্রথম দুই দফায় ক্রিস্টিয়ান ভুল্ফ সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে ব্যর্থ হন। পরে তৃতীয় দফায় তিনি ৬২৫টি ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। অর্থাৎ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার চেয়ে তিনি মাত্র দুটি ভোট বেশি পেয়েছেন। ভুল্ফের প্রধান প্রতিদ্বন্দ্বী সামাজিক গণতান্ত্রিক এবং সবুজ দলের প্রার্থী সাবেক পূর্ব জার্মানির নাগরিক আন্দোলনের নেতা ইওয়াথিম গাউফ পেয়েছেন ৪৯৪ ভোট।৫১ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ভুল্ফ জার্মানির ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ রাষ্ট্রপ্রধান হলেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তিনি নিদারসাক্সেন প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে প্রাদেশিক রাজধানী হ্যানোভারে কর্মরত ছিলেন।ক্রিস্টিয়ান ডেমোক্র্যাট দলের সদস্য হিসেবে স্কুলজীবনেই রাজনীতির হাতে খড়ি ভুল্ফের। দলে বেশ জনপ্রিয় এই রাজনীতিবিদ রাজনীতিতে সামনে আসেন সাবেক চ্যান্সেলর হেলমুট কোহলের হাত ধরে। নিদারসাক্সেন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই ২০০৬ সালে ক্রিস্টিয়ান ভুল্ফ তাঁর মন্ত্রিসভায় ভিয়েতনাম বংশোদ্ভূত ফিলিফ রোজলারকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে বেশ সমীহ আদায় করেন। আর গত এপ্রিলে তিনি তুর্কি বংশোদ্ভূত একজন মুসলিম নারী আইনজীবীকে রাজ্যের পরিবারমন্ত্রী নিয়োগ করে জার্মানিতে নতুন ঐতিহ্য গড়েন।