জার্মানির নতুন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে শ্রমমন্ত্রী উরসুলা ফন
জার্মানির নতুন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে শ্রমমন্ত্রী উরসুলা ফন ডের লিয়েন সবচেয়ে এগিয়ে আছেন। তিনিই এই পদে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের কনজারভেটিভ পার্টির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সরকারের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব। দেশটির গণমাধ্যমে এ কথা বলা হয়েছে।আফগানিস্তানে জার্মান সামরিক উপস্থিতি নিয়ে মন্তব্যের জের ধরে ৩০ মে হোর্স্ট কোয়েলারের পদত্যাগের পর থেকে সম্ভাব্য নতুন প্রেসিডেন্ট নিয়ে জার্মানিতে জল্পনা চলছে।পার্লামেন্টের বিশেষ অধিবেশনে শিগগিরই নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে এখন পর্যন্ত সাত সন্তানের জননী ৫১ বছরের উরসুলা ফন ডের লিয়েন সম্ভাব্য প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। উরসুলা পরিবারমন্ত্রীর দায়িত্ব পালন করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। এবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের সুযোগ পেলে তিনিই হবেন জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট। সেই সঙ্গে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্টও।প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে অন্যদের মধ্যে পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার নরবার্ট ল্যামার্ট, লোওয়ার স্যাক্সনি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী খ্রিস্টিয়ান উলফ (প্রধানমন্ত্রী) ও অর্থমন্ত্রী উলফগ্যাং শোয়েবল রয়েছেন।২২ মে জার্মান রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে পদত্যাগকারী কোয়েলার বলেছিলেন, আফগানিস্তান পরিস্থিতির মতো আঞ্চলিক অস্থিতিশীলতা জার্মানির বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। এই মন্তব্যের জন্য কঠোর সমালোচনার মুখে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। এএফপি।