জার্মানির নির্বাচনে ভোট গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির সাধারণ নির্বাচনে গতকাল রোববার ভোট নেওয়া হয়েছে। বর্তমান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এ নির্বাচনে বিজয়ী হয়ে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসবেন বলে ধারণা করা হচ্ছে। সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী, তাঁর দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট পার্টি কিছুটা এগিয়ে রয়েছে।
ভোট গ্রহণ গতকাল সকালে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। প্রধান প্রধান দলগুলোর নির্বাচনী প্রচার কার্যক্রম গত শনিবারই শেষ হয়ে যায়। বার্লিনের একটি কেন্দ্রে নিজের ভোট দেন মেরকেল। এর আগে তিনি বর্তমান সরকারের নীতিমালা অব্যাহত রাখার স্বার্থে ভোট প্রার্থনা করেন। মেরকেল বলেন, জার্মানিকে আরও চার বছর নেতৃত্ব দিয়ে আরও শক্তিশালী একটি অবস্থানে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
সোশ্যাল ডেমোক্র্যাট দলের নেতা পিয়ার স্টেইনব্রুক ফ্রাঙ্কফুর্টে সমর্থকদের উদ্দেশে বলেন, তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। ভোটাররাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তাঁদের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে।
চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলকে হয়তো প্রতিদ্বন্দ্বী সোশ্যাল ডেমোক্র্যাটদের সঙ্গেই জোট গড়ার কথা বিবেচনা করতে হবে। এএফপি ও বিবিসি।