যুক্তরাষ্ট্র জার্মানির সঙ্গে গোয়েন্দা সহযোগিতার সম্পর্ক জোরদার করবে। কিন্তু দুই দেশ পরস্পরের ওপর নজরদারি না করার কোনো চুক্তি করবে না। গত মঙ্গলবার ওবামা প্রশাসনের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা এ কথা জানান।
হোয়াইট হাউসে দুই দেশের গোয়েন্দা কর্মকর্তাদের এক বৈঠকের বরাত দিয়ে একটি জার্মান দৈনিক গত রোববার বলেছিল, যুক্তরাষ্ট্র ও জার্মানি পরস্পরের ওপর নজরদারি করবে না বলে একটি চুক্তি করার ব্যাপারে সম্মত হয়েছে।
মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) বিরুদ্ধে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের মুঠোফোনে আড়ি পাতার অভিযোগ ওঠার পর হোয়াইট হাউসে ওই বৈঠক হয়।
ওবামা প্রশাসনের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা মঙ্গলবার বলেন, ‘পরস্পরের ওপর নজরদারি করব না—এ ধরনের কোনো বিষয় নিয়ে আমরা এখন আর আলোচনা করছি না। তবে দুই দেশের পারস্পরিক বোঝাপড়া আরও এগিয়ে নিতে কাজ করার বিষয়ে একমত হয়েছি। এটা যথাযথভাবে করতে পারলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।’
কয়েক দফা বৈঠক করেও জার্মান ও মার্কিন কর্মকর্তারা নজরদারি নিয়ে কোনো মতৈক্যে পৌঁছাতে পারেননি।
এদিকে মার্কিন সাবেক একজন গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, জার্মানিকে গোয়েন্দা জোট ‘ফাইভ আইজ’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হতে পারে। এই গোয়েন্দা জোটের সদস্যরাষ্ট্রগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এই জোটের বিরুদ্ধে এশিয়ার দেশগুলোয় অবস্থিত নিজেদের দূতাবাস থেকে নজরদারি চালানোর অভিযোগ উঠেছে। রয়টার্স।