জার্মানির অর্থনীতির জন্য ২০১৩ সাল হবে বিগত বছরের চেয়ে ‘আরও কঠিন’। দেশটির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল গতকাল সোমবার তাঁর নববর্ষের ভাষণে এ ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়েছেন।ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি ইউরো জোনের চলমান ঋণসংকট মোকাবিলায় ২০১২ সালে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। সংকট মোটামুটি সফলভাবে সামাল দিলেও দেশটির প্রবৃদ্ধি কিছুটা মন্থর হয়ে পড়েছে। জার্মান চ্যান্সেলর বলেন, সংকট উত্তরণে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। সমস্যার মূল কারণ চিহ্নিত করে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ ব্যাপারে ইতিবাচক ফল আসতে শুরু করেছে।মেরকেলের ভাষণের সঙ্গে জার্মান অর্থমন্ত্রী উল্ফগাং শোয়েবলের মন্তব্যের কিছুটা অমিল পাওয়া গেছে। তিনি গত সপ্তাহে বলেছিলেন, সবচেয়ে কঠিন সংকট ইতিমধ্যে কেটে গেছে।সবাইকে ধৈর্যশীল হওয়ার আহ্বান জানিয়ে মেরকেল বলেন, নতুন বছরে সম্ভাব্য পরিস্থিতি নিয়ে অনেকে স্বভাবতই উদ্বিগ্ন। আসন্ন পরিস্থিতি কঠিনতর হলেও থেমে গেলে চলবে না, বরং দ্রুত সমাধানের জন্য তৎপর হতে হবে। নিজেদের উন্নতি ও সৌহার্দ্যের স্বার্থেই সবাইকে অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় সচেষ্ট হতে হবে। এএফপি ও বিবিসি।