জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ছিল চরম লজ্জাজনক: ক্যামেরন
ঔপনিবেশিক যুগে ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরের জালিয়ানওয়ালা-বাগে নিরস্ত্র বেসামরিক লোকজনের ওপর ব্রিটিশ সেনাবাহিনী যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই ঘটনাকে ‘চরম লজ্জাজনক’ হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।ভারতে তিন দিনব্যাপী সফরের শেষ দিনে তিনি গতকাল বুধবার অমৃতসরে যান। এ ছাড়া তিনি সেখানে শিখ ধর্মাবলম্বীদের পবিত্রতম তীর্থ স্বর্ণমন্দির পরিদর্শন করেন। এরপর তিনি বলেন, যুক্তরাজ্যের জন্য পাঞ্জাবের লোকজনের বিশেষ অবদান রয়েছে। শিখ ধর্ম সম্পর্কে বিশদভাবে জানার জন্য এই স্বর্ণমন্দির পরিদর্শন গুরুত্বপূর্ণ। জালিয়ানওয়ালাবাগে ১৯১৯ সালের ১৩ এপ্রিল অনুষ্ঠিত এক জনসভায় তৎকালীন সামরিক কর্মকর্তা জেনারেল রেগিনাল্ড ডায়ারের নির্দেশে নিরস্ত্র নারী-পুরুষ ও শিশুদের ওপর গুলি চালানো হয়েছিল। কলঙ্কজনক ওই হত্যাযজ্ঞের ঘটনা নিয়ে যুক্তরাজ্যের কোনো প্রধানমন্ত্রী এই প্রথম এ ধরনের বক্তব্য দিলেন। পরিদর্শন বইয়ে তিনি লিখেছেন, ‘যুক্তরাজ্যের ইতিহাসের ওই লজ্জাজনক ঘটনা ভুলে যাওয়া কখনোই উচিত হবে না। বিশ্বের যেকোনো স্থানে শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে যুক্তরাজ্যের অবস্থান আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে।’ যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল জালিয়ানওয়ালাবাগের ঘটনাটিকে ‘নিষ্ঠুর’ বলে ১৯২০ সালে মন্তব্য করেন। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯৯৭ সালে ভারত সফরকালে ওই ঘটনাকে ইতিহাসের ‘দুঃখজনক মুহূর্তগুলোর’ এক ‘বেদনাদায়ক’ উদাহরণ বলে মন্তব্য করেন। তবে তিনি বলেন, ইতিহাস পুনর্লিখনের কোনো সুযোগ নেই। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে নিহতের সংখ্যা নিয়ে অস্পষ্টতা রয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, সেদিন ৩৭৯ জন নিহত ও এক হাজার ২০০ জন আহত হয়েছিল। তবে ভারতীয়দের দাবি, সেদিন প্রায় এক হাজার মানুষ প্রাণ হারিয়েছিল। বিপুলসংখ্যক মানুষকে ঠান্ডা মাথায় হত্যার ওই ঘটনা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিল বলে মন্তব্য করেছিলেন উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান হয় ১৯৪৭ সালে।ক্যামেরনের এবারের ভারত সফর দ্বিপক্ষীয় বাণিজ্যসহ বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। উদীয়মান সমৃদ্ধ অর্থনীতির দেশ ভারতের বিভিন্ন খাতে বিনিয়োগের ব্যাপারে পশ্চিমা অন্য দেশগুলোর মতো যুক্তরাজ্যও আগ্রহী। দেশটি ‘ভারতের পছন্দের অংশীদার’ হতে চায় বলে ক্যামেরন গত সোমবার মুম্বাইয়ে মন্তব্য করেন। তিনি আরও বলেন, ইতিহাস ও গণতান্ত্রিক মূল্যবোধসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে অনেক মিল রয়েছে। এ ছাড়া ভারতীয় বংশোদ্ভূত ১৫ লাখ ব্রিটিশ নাগরিকের ভূমিকাও গুরুত্বপূর্ণ। এএফপি, রয়টার্স ও বিবিসি।