ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন
জাহাজভাঙা শিল্পের আড়ালে অস্ত্র চোরাচালানে দাউদ ইব্রাহিম
ভারতের জাহাজভাঙা শিল্পে দুবাইভিত্তিক মাফিয়া ডন দাউদ ইব্রাহিম ও তাঁর সহযোগীদের বিপুল পরিমাণ অর্থের বিনিয়োগ রয়েছে। এ কাজের আড়ালে তাঁরা বিভিন্ন নিষিদ্ধ পণ্য, অস্ত্র ও বিস্ফোরক চোরাচালানের সঙ্গে জড়িত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি গোয়েন্দা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া পত্রিকা গতকাল সোমবার জানায়, লন্ডন ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক (ইউএই) ডি-কোম্পানির সঙ্গে জড়িত কয়েকজন পাকিস্তানি নাগরিক ভারতের জাহাজভাঙা শিল্পে কোটি কোটি রুপি বিনিয়োগ করেছেন। গুজরাট রাজ্যের আলাং শহরে গড়ে ওঠা ওই শিল্প পরিবেশের জন্য ক্ষতিকর। গোয়েন্দা সূত্রমতে, স্থানীয় সরকারি কর্মকর্তাদের নগদ অর্থ দিয়ে ওই পাকিস্তানিরা গোপন চুক্তি করেছে। জাহাজভাঙা কাজের আড়ালে ডি-কোম্পানি বিদেশি এজেন্টদের মাধ্যমে বিভিন্ন নিষিদ্ধ পণ্য, অস্ত্র ও বিস্ফোরক চোরাচালানের সঙ্গেও জড়িত। এ ক্ষেত্রে বিভিন্ন চুক্তিসংক্রান্ত লেনদেনের প্রয়োজনে দাউদ ইব্রাহিমের লোকজন অর্থ পাচার করে থাকে।ভারতের নৌ-গোয়েন্দা সূত্র জানায়, ভারতীয় শিল্প ক্ষেত্রে দাউদ ইব্রাহিমের সহযোগীদের সংশ্লিষ্টতার বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। বিষয়টি দিল্লিতে একটি আন্তমন্ত্রণালয় কমিটিকে গত ফেব্রুয়ারিতে জানানো হয়। বর্তমান ব্যবস্থায় জরুরি মেরামতের জন্য জাহাজগুলোকে যেকোনো স্থানে অবাধে নোঙর করার সুযোগ দেওয়া হয়। ফলে অপরাধীরাও সহজেই প্রবেশ করতে পারে।নৌবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বন্দরে জাহাজ প্রবেশের বর্তমান পদ্ধতি নিয়ন্ত্রণ করতে হবে। নৌবাহিনী দিয়ে প্রতিটি জাহাজ ভালোভাবে তল্লাশি করতে হবে। ভারতে ভাঙা হবে এমন প্রতিটি জাহাজের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ছাড়পত্র বাধ্যতামূলক করতে হবে। আলাংয়ের জাহাজভাঙা শিল্পের সঙ্গে অপরাধচক্রের লোকজন ব্যাপকভাবে জড়িয়ে পড়েছে।জাহাজ ও নৌনিরাপত্তা বিশেষজ্ঞ বীরেশ মল্লিক বলেন, মূলত অবৈধ অর্থ দিয়ে জাহাজভাঙা শিল্পটি গড়ে তোলা হয়েছে। এ শিল্পের নামে চোরাচালান চলছে এবং জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। এ ছাড়া বিদেশি পতাকাবাহী বিভিন্ন জাহাজ ভুয়া নিবন্ধনের মাধ্যমে গুজরাটের আলাংয়ে নেওয়া হচ্ছে। এসব জাহাজই পারস্য উপসাগর ও আফ্রিকান উপকূলে অবাধ চোরাচালানের কাজে ব্যবহূত হয়।জাহাজভাঙা শিল্প নিয়ে গবেষণাকারী গোপাল কৃষ্ণ বলেন, ভারতে গত দুই দশকে প্রায় ছয় হাজার জাহাজ ভাঙা হয়েছে।