জি-২০ সম্মেলনে সিরিয়া নিয়ে স্পষ্ট বিভক্তি
বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর সংগঠন জি-২০-এর সেন্ট পিটার্সবার্গ সম্মেলনে সিরিয়া সংকট নিয়ে মতবিরোধ চরমে উঠেছে। এ বিষয়ে বিশ্বনেতাদের বিভক্তি আরও স্পষ্ট হয়েছে।
সিরিয়ায় সামরিক অভিযানের পক্ষে বিশ্বনেতাদের সমর্থন আদায়ের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। আর সম্মেলনের আয়োজক দেশ রাশিয়া অভিযানের বিপক্ষে অবস্থান নিতে বিশ্বনেতাদের প্রভাবিত করার চেষ্টা করছে।
বিশ্বের ১৯টি অগ্রসর দেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইউ) সমন্বয়ে গঠিত জোট জি-২০-এর দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলন গতকাল শুক্রবার শেষ হয়। সম্মেলনে সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র ও স্বাগতিক রাশিয়া পাল্টাপাল্টি অবস্থান তুলে ধরে।
রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে বলেন, সিরিয়ায় সামরিক অভিযান চালানো হলে তা হবে আন্তর্জাতিক আইনের কফিনে শেষ পেরেক ঠোকার শামিল। বৃহস্পতিবার সম্মেলনের প্রথম দিনের নৈশভোজ শেষে পেসকভ আরও বলেন, কেউ কেউ ঝোঁকের মাথায় সিরিয়ায় অভিযান চালানোর পক্ষে কথা বলছেন। তবে অনেকেই আবার অভিযানের সিদ্ধান্ত নিতে যুক্তরাষ্ট্রকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেতে বলছেন।
পেসকভের এই বক্তব্যের জবাব দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার। নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি রাশিয়ার সমালোচনা করে বলেন, রাশিয়া সিরিয়ার বিষয়ে বিভিন্ন প্রস্তাবে ভেটো দিয়ে নিরাপত্তা পরিষদকে জিম্মি করেছে। সামান্থা বলেন, যুদ্ধাপরাধী সিরিয়াকে পাল্টা জবাব দিতে নিরাপত্তা পরিষদ আর ‘ইতিবাচক কোনো পথ নয়’।
সম্মেলনের প্রথম দিন সিরিয়া বিষয়ে বিভক্তি নিয়েই নৈশভোজে যান বিশ্বনেতারা। এ প্রসঙ্গে ইতালির প্রধানমন্ত্রী এনরিকো লেত্তা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে দেওয়া এক বার্তায় বলেন, ‘প্রথম দিনে সিরিয়া ইস্যুতে বিভক্তি থেকেই গেল এটা নিশ্চিত। কোনো মতৈক্য ছাড়াই নৈশভোজ অধিবেশন শেষ হলো।’
ব্রিটিশ বিভিন্ন সূত্র বলছে, যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক ও কানাডা সিরিয়ায় অভিযান চালানোর পক্ষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে জোর সমর্থন দিয়ে যাচ্ছে। ওবামার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, তিনি এই সম্মেলন শেষে সিরিয়া অভিযানের জন্য কংগ্রেস নেতাদের সমর্থন আদায়ে জোর তৎপরতা শুরু করবেন। এ কারণে আগামী সোমবার ক্যালিফোর্নিয়া সফর বাতিল করেছেন তিনি।
বান কি মুনের সতর্কতা: জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, সিরিয়া অভিযান হলে তা অবশ্যই নিরাপত্তা পরিষদে অনুমোদিত হতে হবে। তিনি বলেন, সামরিক অভিযান কোনো সমাধান নয়।
রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস সিরিয়া সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সামরিক অভিযান কোনো ফল বয়ে আনতে পারে না। বিবিসি ও আল-জাজিরা।