জি-৮-এ রাশিয়ার অংশগ্রহণ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেন সংকট নিয়ে শিল্পোন্নত আটটি দেশের সংগঠন জি-৮-এ রাশিয়ার অংশগ্রহণ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে অন্য সাতটি দেশ। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়ে দেশচিতসিয়ার সঙ্গে গত সোমবার বৈঠক করেছেন। ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার পর এই প্রথম দুই দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হলো। বৈঠক শেষে লাভরভ বলেন, ‘ইউক্রেনের স্বার্থ বিবেচনায় নিয়ে আমরা ভালো একটি জাতীয় সংলাপ শুরুর বিষয়ে আমাদের ভিশন ঠিক করেছি।’
জি-৮ ভুক্ত সাতটি দেশের নেতারা গত সোমবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে পরমাণু নিরাপত্তাবিষয়ক একটি সম্মেলনের পাশাপাশি এক বৈঠকে মিলিত হন। ওই বৈঠকে তাঁরা সংস্থাটিতে রাশিয়ার অংশগ্রহণ স্থগিত করার বিষয়ে সিদ্ধান্ত নেন। বৈঠকে সংস্থাটি থেকে রাশিয়ার সদস্যপদ স্থগিত করারও আহ্বান জানানো হয়। এদিকে ইউক্রেনের কট্টর ডানপন্থী নেতা ওলেক্সান্দর মুজিচেকো দক্ষিণাঞ্চলীয় রিভনের একটি ক্যাফেতে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। মুজিচেকো ইউক্রেনের বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সম্প্রতি আন্দোলন গড়ে তোলা আলোচিত ডানপন্থী গ্রুপ রাইট সেক্টরের নেতা। রয়টার্স ও বিবিসি।