জি-৮ সম্মেলনে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচির কড়া নিন্দা
যুক্তরাজ্যের লন্ডনে জি-৮ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কঠোর নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি সিরিয়ার বেসামরিক নাগরিকদের জন্য আরও মানবিক সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয় বৈঠকে। এবারের বৈঠকে অন্য বিষয়ের পাশাপাশি সিরিয়া ও কোরিয়া ইস্যু বিশেষভাবে গুরুত্ব পায়।উত্তর কোরিয়ার মারমুখী, বাগাড়ম্বরপূর্ণ ও উসকানিমূলক কর্মকাণ্ডের ফলে কোরিয়া উপদ্বীপে সৃষ্ট উত্তেজনার নিন্দা জানিয়ে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৮-এর পররাষ্ট্রমন্ত্রীরা বৃহস্পতিবার বলেন, এতে দেশটি কেবল বহির্বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। কোরীয় উপদ্বীপে চরম উত্তেজনার মধ্যে বুধবার উত্তর কোরিয়া বিপৎসীমার কাছে পৌঁছেছে বলে মন্তব্য করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল।উত্তর কোরিয়ার অব্যাহত হুমকি এবং দেশটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য লঞ্চার প্রস্তুত করেছে—এমন খবরের প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়া তার সামরিক বাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় রেখেছে।এ পরিস্থিতিতে বৃহস্পতিবার এক ঘোষণায় উত্তর কোরিয়াকে ভবিষ্যতে আর কোনো উসকানি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান জি-৮-ভুক্ত দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কানাডা ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। এএফপি।