জি-৮ সম্মেলনে যোগ দেবেন না পুতিন
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জি-৮ সম্মেলনে যোগ দিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে টেলিফোনে এ কথা জানিয়ে দিয়েছেন তিনি। ক্রেমলিন ও ওয়াশিংটন বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে ১৮ ও ১৯ মে বিশ্বের আটটি শিল্পোন্নত দেশের জোটের (জি-৮) এই সম্মেলন হচ্ছে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ওবামাকে টেলিফোনে পুতিন জানিয়েছে, মন্ত্রিসভা গঠন করা নিয়ে তিনি ব্যস্ত থাকবেন। তাই তিনি আসন্ন সম্মেলনে যোগ দিতে পারছেন না। এ জন্য গতকাল ওবামাকে ফোন করে দুঃখ প্রকাশ করেন তিনি। তবে তিনি নিশ্চিত করেছেন, রাশিয়ার বিদায়ী প্রেসিডেন্ট ও নতুন সরকারের প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ ওই সম্মেলনে তাঁর প্রতিনিধিত্ব করবেন। তবে জুনে মেক্সিকোতে অনুষ্ঠেয় জি-৮ সম্মেলনে ওবামার সঙ্গে সাক্ষাৎ করবেন পুতিন। বিবৃতিতে আরও বলা হয়, গত তিন বছরে দুই দেশের সম্পর্কোন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার ব্যাপারে দুই নেতা আগ্রহ প্রকাশ করেছেন। তাঁরা উচ্চপর্যায়ের আলোচনায় বসতে চান। বিবিসি ও এএফপি।