
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) অব্যাহত থাকছে কি না, চলতি মাসের শেষে তার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। তবে শ্রমমান সুরক্ষায় ‘সন্তোষজনক অগ্রগতি’ না হওয়ায় বাংলাদেশের জিএসপি স্থগিত, জিএসপির পরিধি কমানো কিংবা জিএসপি বাতিল—এ তিনটি বিকল্প নিয়ে ভাবছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর)।
গত বৃহস্পতিবার মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির শুনানিতে দেওয়া বক্তৃতায় এ মন্তব্য করেছেন শ্রমবিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি লুইস কারেশ। শুনানির সভাপতি মার্কিন সিনেটর রবার্ট মেনেনডেজ বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করতে ওবামা প্রশাসনকে পরামর্শ দিয়েছেন। পোশাক কারখানার ইতিহাসে ভয়াবহ দুর্ঘটনার পর শ্রমিক স্বার্থ সুরক্ষার বিষয়টিতে যুক্তরাষ্ট্র বিশেষ গুরুত্ব দিচ্ছে, এ বার্তা দিতেই তিনি এ পদক্ষেপ নিতে বলেছেন।
শুনানিতে অ্যারিজোনা থেকে নির্বাচিত রিপাবলিকান পার্টির সিনেটর জন ম্যাককেইন তাঁর দেশের সরকারকে এটা বলে সতর্ক করে দিয়েছেন যে জিএসপি সুবিধা কেড়ে নেওয়া হলে বাংলাদেশে বেকারত্বের ঝুঁকি তৈরি করতে পারে।
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক শুনানিতে মন্তব্য করেছেন, কর্মপরিবেশের উন্নয়ন ও শ্রমিক স্বার্থ সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ বর্তমান পরিস্থিতিকে কাজে লাগাবে। এ ক্ষেত্রে দেশে ও দেশের বাইরে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বাংলাদেশ সরকারের উদ্যোগ সফল করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহায়তা দেবে।
বৃহস্পতিবার ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ শুনানি শুরু হয়। দুই পর্বে প্রায় তিন ঘণ্টা বাংলাদেশের শ্রম-পরিস্থিতি নিয়ে এ শুনানি চলে। শুনানির শুরুতে বক্তৃতা করেন নিউ জার্সি থেকে নির্বাচিত ডেমোক্রেটিক পার্টির সিনেটর রবার্ট মেনেনডেজ। প্রথম পর্বে দুই ঘণ্টার শুনানিতে লুইস কারেশ ছাড়াও বক্তৃতা দেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক এবং মার্কিন শ্রম দপ্তরের ভারপ্রাপ্ত সহযোগী আন্ডার সেক্রেটারি এরিক বিয়েল।
দ্বিতীয় পর্বের শুনানিতে বক্তৃতা দেন আমেরিকান ফেডারেশন অব লেবার অ্যান্ড কংগ্রেস অব ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনসের বাণিজ্যিক নীতিমালা বিশেষজ্ঞ সেলেস্টে ড্রেক এবং লিটলার মেন্ডেলসনের আন্তর্জাতিক শ্রম ও কর্মসংস্থানবিষয়ক অংশীদার জোহান লুবে। দুই পর্বেই পাঁচ আলোচক প্রথমে তাঁদের লিখিত বক্তৃতা দেন। এরপর তাঁরা সভাপতিসহ সিনেটরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
পক্ষ-বিপক্ষ মত: শুনানির শুরুতে সূচনা বক্তৃতায় ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী সিনেটর রবার্ট মেনেনডেজ বলেন, রানা প্লাজা ধসের পর কর্মপরিবেশের উন্নয়নে বাংলাদেশ সরকার শ্রম আইন সংশোধন, শ্রমিকদের ন্যূনতম মজুরির হার বাড়ানো, আরও বেশিসংখ্যক ট্রেড ইউনিয়নের নিবন্ধন এবং কারখানা পরিদর্শকের সংখ্যা বাড়ানোসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে। তবে দুঃখজনক ঘটনা হচ্ছে, অতীতের প্রতিশ্রুতিগুলো এখনো বাস্তবায়িত হয়নি।
মেনেনডেজ বলেন, কর্মপরিবেশের উন্নতি আর শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে গুণগত পরিবর্তনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় মার্কিন প্রশাসন বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করার কথা ভাবতে পারে। এ সুবিধা কেড়ে নিলে বাংলাদেশের রপ্তানির ক্ষতি হবে। তবে এ সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশকে এ কঠিন বার্তাই দেওয়া হবে যে শ্রমিক স্বার্থ রক্ষায় ও কর্মপরিবেশের উন্নতির বিষয়টিকে যুক্তরাষ্ট্র যথেষ্ট গুরুত্ব দিচ্ছে।
এরপর লুইস কারেশ বলেন, পরিস্থিতির উন্নতির জন্য বাংলাদেশকে নিয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরও ২০১২ সালের শেষ দিকে বাংলাদেশের শ্রমমান নিয়ে ইউএসটিআরের নেতৃত্বাধীন জিএসপি উপকমিটির উদ্বেগ বাড়তে থাকে। তখন থেকেই বাংলাদেশের জিএসপি বাতিল, স্থগিত কিংবা সুবিধার পরিধি কমানোর বিকল্প নিয়ে ভাবা হচ্ছে।