জিওসহ জং গ্রুপের তিনটি টিভির লাইসেন্স স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের জং গ্রুপের জিওসহ তিনটি টেলিভিশনের লাইসেন্স স্থগিত করা হয়েছে। এই গ্রুপের জিও নিউজ, জিও এন্টারটেইনমেন্ট এবং জিও টাজ টেলিভিশনের ওপর ২৮ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এ-সংক্রান্ত গঠিত কমিটি পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পারমা) আজ মঙ্গলবার এ ঘোষণা দেয়। কমিটি আরও সিদ্ধান্ত নিয়েছে শিগগির জিও টিভির কার্যালয় সিলগালা করা হবে।
জিও টিভির নির্বাহী সম্পাদক হলেন দেশটির প্রখ্যাত সাংবাদিক হামিদ মির। গত মাসে বন্দুকধারীদের হামলায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আইএসআইকে দায়ী করার পর টিভিগুলোর লাইসেন্স স্থগিত হলো।
২৮ মে সরকারের প্রতিনিধির উপস্থিতিতে এক বৈঠকে তিনটি টিভির লাইসেন্স বাতিল করা হবে কি না, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
ডন-এর খবরে বলা হয়েছে, পারমা কমিটির সদস্য সৈয়দ ইসমাইল শাহ, পারভেজ রাঠোর ও ইসরার আব্বাসীকে নিয়ে গঠিত কমিটি ওই তিন টেলিভিশনের বিরুদ্ধে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ খতিয়ে দেখছে।
উল্লেখ্য, গত মাসে পাকিস্তানের করাচি বিমানবন্দর থেকে জিয়ো নিউজের কার্যালয়ে ফেরার পথে শেরে ফয়সাল এলাকায় সাংবাদিক হামিদ মিরের গাড়ি লক্ষ্য করে অজ্ঞাতনামা বন্দুকধারীরা হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন হামিদ মির।
ওই হামলার জন্য পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থাকে (আইএসআই) দায়ী করে হামিদ মিরের পরিবার। হামলার নিন্দা জানিয়েছে এ ঘটনা নিয়ে কোনো গুজব না ছড়াতে অনুরোধ জানিয়েছিল আইএসআই। এরপরই ওই তিনটি টিভি চ্যানেলের সম্প্রচার স্থগিত করা হলো।
হামিদ মিরই হচ্ছেন একমাত্র সাংবাদিক, যাঁকে আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেন অন্তত দুবার সাক্ষাত্কার দিয়েছেন। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ বলে পরিচিত হামিদ মির পাকিস্তানের কট্টরপন্থীদের কাছে শত্রু বলে বিবেচিত।