জিকা থেকে মারাত্মক স্নায়বিক রোগ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিকা ভাইরাসের কারণে মারাত্মক স্নায়বিক ব্যাধি গিনা-বারে উপসর্গও দেখা দিতে পারে। এটি একধরনের পক্ষাঘাত। নতুন এক গবেষণায় এই প্রথম এমন ইঙ্গিত মিলেছে। বিজ্ঞানীরা ইতিমধ্যেই ধারণা করছেন, নবজাতক শিশুর মাইক্রোসেফালি বা ছোট মাথা ও মস্তিষ্ক নিয়ে জন্ম হওয়ার রোগের সঙ্গে জিকা ভাইরাসের সম্পর্ক রয়েছে। খবর বিবিসির।
নতুন গবেষণায় ৪২ জন জিকা আক্রান্ত রোগীর রক্তের নমুনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এসব রোগী আগের কোনো একবারের জিকার প্রাদুর্ভাবের সময় অসুস্থ হয়েছিলেন। চিকিৎসাবিষয়ক প্রভাবশালী সাময়িকী ল্যানসেট-এ এই গবেষণার ফল প্রকাশ করা হয়েছে। এতে গবেষকেরা বলছেন, জিকায় আক্রান্ত হওয়ার কমবেশি ছয় দিনের মাথায় ওই রোগীদের শরীরে স্নায়বিক সমস্যা দেখা দিয়েছিল। গবেষণার এই ফলকে ‘আগ্রহ-উদ্দীপক’ হিসেবে বর্ণনা করেছেন বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞানীরা।
ব্রাজিল, কলম্বিয়াসহ লাতিন আমেরিকার কয়েকটি দেশে জিকা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ফেব্রুয়ারির শুরুতে স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করে। প্রধানত এডিস মশার মাধ্যমে দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। এ কারণে বিশেষ করে অন্তঃসত্ত্বা নারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। কারণ, এসব দেশে সম্প্রতি অনেক শিশু অস্বাভাবিক ছোট মাথা ও ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক নিয়ে জন্মায়, যার জন্য জিকা ভাইরাস দায়ী বলে মনে করা হচ্ছে।
জিকার কারণে মানুষ মাইক্রোসেফালি ছাড়াও অন্যান্য সমস্যায় আক্রান্ত হতে পারে বলে আগে থেকেই আশঙ্কা করছিলেন বিশেষজ্ঞরা। নতুন গবেষণায় গিনা-বারে রোগের যেসব উপসর্গের কথা বলা হচ্ছে, তাতে আক্রান্ত ব্যক্তির মাংসপেশি দুর্বল হয়ে যায় এবং চরম অবস্থায় শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। এতে রোগীকে নিবিড় পরিচর্যায় রাখার দরকার পড়ে। গবেষকদের অনুমান, জিকায় আক্রান্ত প্রতি চার হাজার জনের মধ্যে একজনের এই সমস্যা হতে পারে।
পরীক্ষায় অংশ নেওয়া ৪২ জন রোগীর কেউই মারা যায়নি। তবে আক্রান্ত হওয়ার কয়েক মাস পরও তাদের কারও কারও হাঁটার জন্য সহায়তা নিতে হয়েছে।
গবেষকেরা এখন বলছেন, যেসব দেশে জিকার সংক্রমণ ঘটেছে, তাদের স্নায়ু-সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার জন্য বাড়তি প্রস্তুতি নিয়ে রাখতে হবে।
এদিকে মেক্সিকোর সরকার গত সোমবার নিশ্চিত করেছে, দেশটিতে ১২১ জন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১১ জন অন্তঃসত্ত্বা নারী।