ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, বহুল আলোচিত কয়লাখনি কেলেঙ্কারির ঘটনায় তিনি কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে প্রস্তুত রয়েছেন। মনমোহন বলেন, তিনিও আইনের ঊর্ধ্বে নন।
মনমোহন সিং ২০০৫ সালে একটি ব্লক থেকে কয়লা উত্তোলন করতে বেসরকারি প্রতিষ্ঠান বিড়লার হিন্দালকো কোম্পানিকে অনুমতি দিয়ে একটি চুক্তিতে সই করেন। ওই চুক্তি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এই কথিত কেলেঙ্কারি ভারতে ‘কোল-গেট’ নামে পরিচিত হয়েছে। এ নিয়ে মনমোহনের সরকার বিব্রতকর পরিস্থিতিতে রয়েছে। ওই ঘটনার জন্য প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে আসছে বিরোধী দল বিজেপি।
মস্কো ও বেইজিং সফর শেষে গত বৃহস্পতিবার বিমানে দেশে ফেরার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনমোহন বলেন, ‘আমি এ দেশের আইনের ঊর্ধ্বে নই। তাই এ ব্যাপারে সিবিআই বা যে কেউ যদি কিছু জানতে চায়, তাহলে কোনো কিছু গোপন করব না।’
এর আগে গত শনিবার দেওয়া এক বিবৃতিতে মনমোহন সিং ওই কয়লাখনি বরাদ্দ দেওয়ার দায়ভার গ্রহণ করে নেন। পাশাপাশি এ ক্ষেত্রে কোনো প্রকার অসদুপায় অবলম্বনের অভিযোগ অস্বীকার করেন তিনি। তবে এই প্রথম মনমোহন ওই কেলেঙ্কারির বিষয়ে খোলামেলাভাবে বিবৃতি দিলেন।
হিন্দালকোকে ওই কয়লাখনি বরাদ্দ দেওয়া নিয়ে দুর্নীতি ও ষড়যন্ত্রের অভিযোগে ভারতের শিল্পপতি কুমার মঙ্গলাম বিড়লা ও সাবেক কয়লা সচিব পি সি পারাখের বিরুদ্ধে গত সপ্তাহে একটি এজাহার দায়ের করেছে সিবিআই।
নওয়াজের সমালোচনা: কাশ্মীরে ভারত ও পাকিস্তানের মধ্যকার নিয়ন্ত্রণরেখায় (এলওসি) গোলাগুলির ঘটনায় গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সমালোচনা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং। গোলাগুলির ঘটনা নিয়ে ভারতের দাবির প্রতিও পূর্ণসমর্থন জানিয়েছেন তিনি।
চীন সফর শেষে দেশে ফেরার পথে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মনমোহন সিং নওয়াজকে উদ্দেশ করে বলেন, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা ও ভারত-পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্তে যা ঘটছে, তা দুই দেশের কারও জন্য মঙ্গলজনক নয়। টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।