জিজ্ঞাসাবাদের সময় আমাকে নির্যাতন করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পরমাণু বিজ্ঞানী শাহরাম আমিরি গতকাল বৃহস্পতিবার ভোরে তেহরানে পৌঁছেছেন। তেহরান আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে তাঁকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। এদিকে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আমিরিকে ৫০ লাখ মার্কিন ডলার দিয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্য আদায়ের জন্য মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পক্ষ থেকে তাঁকে এ অর্থ দেওয়া হয়।সৌদি আরব থেকে নিখোঁজ হওয়ার প্রায় ১৪ মাস পর গত বুধবার যুক্তরাষ্ট্র থেকে তিনি ইরানের উদ্দেশে যাত্রা করেন। গতকাল ইরানের স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটায় আমিরি তেহরান বিমানবন্দরে পৌঁছান। বাদামি রঙের স্যুট পরা আমিরি বিমান থেকে নেমে আবেগাপ্লুত হয়ে পড়েন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী হাসান কাসকাভি ও পরিবারের সদস্যরা তাঁকে স্বাগত জানান। এ সময় বিমানবন্দরে অনেককেই ফুল নিয়ে আমিরির জন্য অপেক্ষা করতে দেখা যায়।পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর আমিরি সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিন পর মাতৃভূমিতে ফিরে আসতে পেরে আমি আনন্দিত।’ তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে তাঁকে নির্যাতন করা হয়েছে। পরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সৌদি আরবের মদিনা শহর থেকে মার্কিন গোয়েন্দারা তাঁকে অপহরণ করেন। গোয়েন্দারা তাঁকে জিজ্ঞাসাবাদের সময় মানসিক ও শারীরিক নির্যাতন করেছেন। মার্কিন গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের সময় সেখানে ইসরায়েলি গোয়েন্দারাও উপস্থিত ছিলেন।আমিরি বলেন, ‘জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার জন্য আমাকে ৫০ লাখ মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব করেন। তাঁরা আমার মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কিছু মিথ্যা তথ্য প্রকাশ করতে চেয়েছিলেন।’ তিনি বলেন, ‘আমি একজন গবেষক মাত্র। ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে আমার বিস্তারিত ধারণা নেই।’ আমিরি জানান, যুক্তরাষ্ট্রে কখনোই তিনি মুক্ত ছিলেন না। অস্ত্রধারী গোয়েন্দারা সব সময় তাঁর সঙ্গে ছিলেন।এত চাপের মধ্যেও ধৈর্য ধরে রাখার জন্য আমিরিকে ধন্যবাদ জানান উপপররাষ্ট্রমন্ত্রী হাসান কাসকাভি। ২০০৯ সাল থেকে ইরানে বন্দী তিন মার্কিন নাগরিকের মুক্তি দেওয়ার শর্তে আমিরির মুক্তি হয়েছে কি না, জানতে চাইলে তিনি বিষয়টি নাকচ করে দেন।এদিকে ওয়াশিংটন পোস্টের গত বুধবার রাতের অনলাইন সংস্করণে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ইরানের বিজ্ঞানী আমিরি এক বছরেরও বেশি সময় ধরে সিআইএর হয়ে কাজ করেছেন। সিআইএর কাজ করতে রাজি করানো এবং ইরানের পরমাণু কর্মসূচির তথ্য জানতে সিআইএ তাঁকে ৫০ লাখ ডলার দেয়। প্রতিবেদনে মার্কিন একজন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, আমিরির ইরানের পৌঁছানোর মাধ্যমে আগের সবকিছু অতীত হয়ে গেছে। প্রতিবেদনে আরও বলা হয়, সিআইএর পক্ষ থেকে বিশাল অঙ্কের এই অর্থ আমিরির ব্যাংক হিসাবে জমাও হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো ব্যাংকিং সম্পর্ক না থাকায় আমিরিকে ওই অর্থ রেখেই তেহরানে ফিরে যেতে হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা জানান, বিজ্ঞানী আমিরি আশঙ্কা করছিলেন, ইরান সরকার তাঁর পরিবারের ক্ষতি করতে পারে। সেই উদ্বেগ থেকেই যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হন তিনি। এর আগে অপর এক মার্কিন কর্মকর্তা জানান, আমিরির কাছ থেকে তাঁরা ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে অনেক তথ্য পেয়েছেন।গত বছরের মে মাসে সৌদি আরব থেকে নিখোঁজ হন ইরানের পরমাণু বিজ্ঞানী আমিরি। তখন থেকেই ইরান অভিযোগ করে আসছিল, সিআইএ তাঁকে অপহরণ করেছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রথমবারের মতো স্বীকার করা হয়, আমিরি সে দেশে আছেন। গত বুধবার রাতে ইরানের উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন তিনি।