জিটিএর কাজে অবাঞ্ছিত হস্তক্ষেপ করবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোর্খা টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) কাজে অবাঞ্ছিত হস্তক্ষেপ না করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আহ্বান জানিয়েছেন দার্জিলিংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং।জনমুক্তি মোর্চার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত রোববার দলটির যুব সংগঠন যুব মোর্চা আয়োজিত এক অনুষ্ঠানে বিমল গুরুং মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আপনি আমাদের জিটিএ দিয়েছেন। তাই এখন আর জিটিএর কাজে অবাঞ্ছিত হস্তক্ষেপ করবেন না।’২০০৭ সালের ৭ অক্টোবর জনমুক্তি মোর্চা প্রতিষ্ঠিত হয়। জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং দার্জিলিংয়ের চৌরাস্তা থেকে হকার উচ্ছেদ শুরু করলে রাজ্য সরকার তাদের সচিবালয়ে ডেকে পাঠায়। এতে জনমুক্তি মোর্চা রাজ্য সরকারের ওপর ক্ষুব্ধ হয়। আর তার পরই এই বক্তব্য দিলেন জনমুক্তি মোর্চার প্রধান। বিমল গুরুং বলেন, দার্জিলিংয়ে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার দাবিতে যাঁরা আন্দোলন করেছেন, সেই সব বেকার যুবকের কর্মসংস্থানের জন্য জিটিএ দায়বদ্ধ।বিমলের নেতৃত্বে গোর্খা জনমুক্তি মোর্চা দার্জিলিংকে আলাদা রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে আন্দোলন করছিল। মমতা ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধানে উদ্যোগী হন। তিনি স্বশাসিত সংস্থা গোর্খা টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ গড়ে তোলেন।