জিতলে ডুবোজাহাজ বহর নবায়ন করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টি আসন্ন সাধারণ নির্বাচনে জিতলে দেশটির পুরোনো পারমাণবিক ডুবোজাহাজ বহরের আধুনিকায়ন করবে। গতকাল বৃহস্পতিবার দলটি এ প্রতিশ্রুতি দেয়। আগামী ৭ মে যুক্তরাজ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দলটি আশা করছে, পারমাণবিক ডুবোজাহাজের ইস্যুটি তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী লেবার পার্টিকে কিছুটা হলেও নির্বাচনী সমস্যায় ফেলে দেবে। খবর রয়টার্সের।
‘ট্রাইডেন্ট’ ক্ষেপণাস্ত্র বহনকারী ভ্যানগার্ড শ্রেণির চারটি পুরোনো ডুবোজাহাজ পরিবর্তন করতে দুই হাজার কোটি পাউন্ড ব্যয় হবে বলে ধারণা করা হয়। ২০১৬ সালে ওই ডুবোজাহাজগুলো নবায়নের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা।
টাইমস পত্রিকায় প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন লিখেছেন, ‘কনজারভেটিভ দলের ইশতেহার এই নিশ্চয়তা দেবে যে আমরা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহনকারী চারটি ডুবোজাহাজ তৈরি করব।’
বর্তমানে যুক্তরাজ্য সব সময় টহল দেওয়ার জন্য একটি ভ্যানগার্ড ডুবোজাহাজ চালু রাখে। এ কারণে তারা ইউরোপীয় ইউনিয়নে পরমাণু শক্তিধর জাহাজ মোতায়েন করা মাত্র দুটি দেশের একটি। স্কটল্যান্ডের বৃহত্তম শহর গ্লাসগোর কাছে ফাসলেন নৌঘাঁটিতে ব্রিটিশ ওই পরমাণু শক্তিচালিত রণতরির ঘাঁটি অবস্থিত।
তবে পুরোনো পারমাণবিক ডুবোজাহাজ পরিবর্তনের ব্যাপারে কনজারভেটিভের প্রতিশ্রুতির জবাবে একই দিন প্রধান বিরোধী দল লেবার পার্টি বলেছে, তারাও সব সময় সাগরে পারমাণবিক জাহাজের টহল দেওয়ার ব্যবস্থা বহাল রাখবে। যদিও দলটির প্রস্তাবে বলা হয়েছে, তিনটি ডুবোজাহাজ দিয়েই এ কাজ করা যাবে।
বিরোধীরা বলছে, এ ধরনের নতুন ডুবোজাহাজ তৈরিতে ১০ হাজার কোটি পাউন্ড পর্যন্ত লেগে যেতে পারে। তাই উচিত হবে সাশ্রয়ী কোনো বিকল্প বিবেচনা করা।
কনজারভেটিভ পার্টি দীর্ঘদিন থেকেই ডুবোজাহাজগুলোর নবায়নের পক্ষে সমর্থন দিয়ে আসছে। ২০১০ সালের নির্বাচনের পর থেকে এগুলো কমিয়ে আনার ব্যাপারে দলটিকে চাপ দিয়ে আসছিল জোটের কনিষ্ঠ শরিক লিবারেল ডেমোক্র্যাটস। কনজারভেটিভ দল ওই চাপকে প্রতিরোধ করে।
লেবার এবং কনজারভেটিভ দলের মধ্যে কে জিতবে নির্বাচনের পূর্বাভাসে তা স্পষ্ট নয়। তবে সম্ভবত স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) সঙ্গে সমঝোতার ওপর লেবার পার্টির ক্ষমতায় যাওয়া নির্ভর করছে। এসএনপি জোরালোভাবে পরমাণু ডুবোজাহাজ বহরের নবায়ন করার বিরোধিতা করে আসছে। গত বুধবার এসএনপির নেতা নিকোলা স্টার্জিয়ন বলেছেন, তাঁর দল কখনোই এতে সমর্থন দেবে না।
ডুবোজাহাজের আধুনিকায়নের বিষয়টি নির্বাচন-পরবর্তী সরকার গঠনের আলোচনায়ও জটিলতা তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। এর পক্ষ সমর্থন করে বিবিসি রেডিওকে প্রতিরক্ষামন্ত্রী ফ্যালন বলেন, ‘প্রধান যুক্তিটি খুবই সরল। পূর্ব ইউরোপে রাশিয়া এখন যা করছে তা দেখুন। আইএসের (ইসলামিক স্টেট) উত্থানের ব্যাপারে চার-পাঁচ বছর আগেও কেউ ভবিষ্যদ্বাণী করতে পারেনি। কাজেই ২০৩০, ২০৪০ বা ২০৫০-এর দশকে কী ধরনের হুমকি আসবে, সে ব্যাপারে আমাদের স্পষ্ট ধারণা নেই।’