ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে জয়লাভ করে বিস্ময় সৃষ্টি করতে চান বর্তমান প্রেসিডেন্ট ও ইউএমপির প্রার্থী নিকোলা সারকোজি। আজ রোববার দ্বিতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।সর্বশেষ জরিপে সারকোজির চেয়ে ছয় শতাংশ এগিয়ে আছেন সোশ্যালিস্ট পার্টির প্রার্থী ফ্রাঁসোয়া ওলাঁদ। গত ২২ এপ্রিল অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনেও সারকোজির চেয়ে ১ দশমিক ৪৫ শতাংশ ভোট বেশি পেয়ে এগিয়ে ছিলেন ওলাঁদ। বিশ্লেষকেরাও ওলাঁদের জয়লাভের সম্ভাবনার কথা বলছেন। এর পরও আশা ছাড়েননি সারকোজি।প্রথম দফার নির্বাচনে ওলাঁদ (২৮ দশমিক ৬৩) ও সারকোজি (২৭ দশমিক ১৮) কেউ প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফার নির্বাচনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ফলাফলে শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বী দ্বিতীয় দফার নির্বাচনে অংশ নিচ্ছেন।গত শুক্রবার নির্বাচনী প্রচারাভিযানের শেষ দিনে সারকোজি তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের একটি কথাই বলতে চাই, তা হলো, প্রতিটি ভোট গণনা করা হবে।’ ইউরোপ ১ বেতারে তিনি বলেন, ‘রোববারের ভোটে আপনারা বড় ধরনের বিস্ময় দেখতে পাবেন।’ ফ্রান্স ৩ টেলিভিশনে তিনি বলেন, ‘আমি ফ্রান্সকে দুর্যোগের হাত থেকে বাঁচাতে চাই। আমি এ দেশকে ভালোবাসি। ফ্রান্সের পরিস্থিতি ঋণে জর্জরিত গ্রিস বা ভয়াবহ অর্থনৈতিক মন্দায় পড়া স্পেনের মতো হতে দেব না।’ওলাঁদ রোববারের চূড়ান্ত রায়ে তাঁকে ‘বড় জয়’ পাইয়ে দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। জার্মান বেতার আরটিএলে তিনি বলেন, বড় জয় পেলে তিনি তাঁর বামপন্থী কর্মসূচি বাস্তবায়ন করতে এবং ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ব্যয় সংকোচননীতির বিরুদ্ধে লড়াই চালাতে পারবেন।ফ্রান্সের বাম ঘেঁষা পত্রিকা লিবারেশন গতকাল তার নির্বাচনসংক্রান্ত প্রতিবেদনের শিরোনাম করেছে, ‘রোববার যেকোনো ফল সম্ভব’। বিপরীতে সারকোজি-সমর্থক বলে পরিচিত লা ফিগারো তার সম্পাদকীয়তে ওলাঁদের অনভিজ্ঞতার দিকে ইঙ্গিত করে লিখেছে, ‘প্রেসিডেন্ট নির্বাচন করা কোনো সুন্দরী প্রতিযোগিতা নয়।’ফ্রান্সের নির্বাচনী আইন অনুযায়ী ভোট গ্রহণের নির্ধারিত তারিখের এক দিন আগেই প্রচারাভিযান শেষ করতে হয়। তাই গতকাল শনিবার কোনো প্রচারাভিযানে অংশ নেননি ওলাঁদ ও সারকোজি। ওলাঁদ তাঁর বান্ধবী ভ্যালেরি ত্রিয়াবেলার সঙ্গে সময় কাটান। প্রেসিডেন্ট সারকোজি সময় কাটান স্ত্রী ব্রুনি ও সন্তানের সঙ্গে। এএফপি।