জিন 'সম্পাদনা' বন্ধ রাখতে ইউনেসকোর বিশেষজ্ঞদের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসার উদ্দেশে মানুষের জিন ‘সম্পাদনা’ বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর বিজ্ঞানী, দার্শনিক, আইনবিদ এবং কয়েকটি দেশের মন্ত্রীদের একটি দল। গত সোমবার এই আহ্বান জানানো হয়। তাঁরা মনে করেন, এভাবে জিন নকশা বা বংশানুক্রমিক বৈশিষ্ট্য পরিবর্তন করা বিপজ্জনক হবে। খবর এএফপির।
ইউনেসকোর আন্তর্জাতিক বায়োএথিকস কমিটি (আইবিসি) বলেছে, চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে জিন থেরাপি একটি বড় সাফল্য এনে দিতে পারে। আর জিনোম সম্পাদনার প্রক্রিয়াটাও প্রশ্নাতীতভাবে বিজ্ঞানকে মানুষের কল্যাণে ব্যবহারের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি বিষয়।
তবু বিশেষজ্ঞরা জিনোম সম্পাদনার জন্য সুনির্দিষ্ট কিছু সতর্কতা অবলম্বন করার পক্ষে মত দিয়েছেন। তাই এ ধরনের কার্যক্রম স্থগিত রাখার জন্য ফ্রান্সের রাজধানী প্যারিসে আইবিসির বৈঠকে আহ্বান জানিয়েছেন। ইউনেসকোর ওই প্যানেল বলেছে, মানুষের জিনোম নকশায় হস্তক্ষেপ কেবল প্রতিরোধ, রোগনির্ণয় বা চিকিৎসার কারণে অনুমোদন করা যেতে পারে। তবে তাতে যেন ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে কোনো রূপান্তর না ঘটে, তা নিশ্চিত করতে হবে। এ ধরনের নিয়ন্ত্রণ না থাকলে মানুষের স্বাভাবিক প্রকৃতি ও সমমর্যাদা বিপন্ন হতে পারে।
ওই বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেন, দ্রুত অগ্রগতির ফলে তথাকথিত ‘কৃত্রিম প্রক্রিয়ায় শিশু জন্মানোর’ সম্ভাবনা ক্রমশ বাড়ছে। তাই এ ব্যাপারে আরও ব্যাপক পর্যায়ে উন্মুক্ত বিতর্ক হওয়া প্রয়োজন।