জিনপিং চীনের প্রেসিডেন্ট
চীনের পার্লামেন্ট গতকাল বৃহস্পতিবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শি জিনপিংকে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। গত নভেম্বরে কমিউনিস্ট পার্টির কংগ্রেসে তিনি পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং সংস্কারের অঙ্গীকার করেন।প্রেসিডেন্ট নির্বাচনের জন্য গতকাল বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলসে পার্লামেন্টের বার্ষিক অধিবেশনে প্রায় তিন হাজার প্রতিনিধি ভোট দেন। শি জিনপিংয়ের পক্ষে পড়ে দুই হাজার ৯৫২ ভোট।ভোটাভুটির পর পার্লামেন্টের অধিবেশনের সভাপতিত্বকারী লিউ ইয়ুনশান বলেন, ‘চীনের প্রেসিডেন্ট হিসেবে আমি কমরেড শি জিনপিংয়ের নাম ঘোষণা করছি।’শি জিনপিংয়ের নাম ঘোষণার পরপরই প্রতিনিধিরা তাঁকে অভিবাদন জানান। এ সময় তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও উপস্থিত সবার সঙ্গে করমর্দন করেন। জিনপিং বর্তমান প্রেসিডেন্ট হু জিনতাওয়ের স্থলাভিষিক্ত হবেন।গত নভেম্বরে চীনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর দেশটির সর্বোচ্চ সামরিক সংস্থা সেন্ট্রাল মিলিটারি কাউন্সিলের প্রধান করা হয় শি জিনপিংকে।আজ শুক্রবার চীনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে লি কেকিয়াংয়ের নাম ঘোষণা করা হতে পারে। এর মধ্য দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি চীনের এক দশকের ক্ষমতার পালাবদল চূড়ান্ত হবে। লি বর্তমান প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের স্থলাভিষিক্ত হবেন।চীনা কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে শি জিনপিংয়ের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার বিষয়টি আগে থেকেই প্রায় নিশ্চিত ছিল। কারণ, দেশটিতে ক্ষমতার মূল উৎসই হচ্ছে এই দল। তবে প্রেসিডেন্টের দায়িত্ব জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তাঁর অবস্থানকে আরও সংহত করবে।আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করবেন জিনপিং। তবে বিশেষ ধরনের পরিস্থিতির সৃষ্টি হলে তিনি এক দশক পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন। এএফপি ও বিবিসি।